মহামারীকালে অতি মুনাফা করলে কঠোর ব্যবস্থা : স্বাস্থ্য সচিব

মহামারীকালীন এই সময়ে বেসরকারি হাসপাতালগুলো অতি মুনাফা করলে তাদের ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. আবদুল মান্নান।

বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম সার্কিট হাউজে করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলায় চট্টগ্রাম বিভাগের প্রস্তুতিবিষয়ক মতবিনিময় সভায় এই কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, বেসরকারি হাসপাতাল ও ক্লিনিক তদারকি বিষয়ে গত ১৫ ডিসেম্বর একটি কমিটি হয়েছে। তারা কাজ শুরু করেছে। আমরা বেসরকারি হাসপাতালগুলোর অনিয়মের বিরুদ্ধে অ্যাকশনে যেতে চাই। যদি তারা মানুষকে জিম্মি করে এবং মহামারীকালে যেসব বেসরকারি হাসপাতাল কতৃ©পক্ষ অতি মুনাফা করবে তাদের আমরা ছাড় দেব না। তাদের বিরুদ্ধে আমরা কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করব এবং করছি। ইতিমধ্যে অনেক বেসরকারি হাসপাতাল ক্লিনিকে মোবাইল কোর্ট পরিচালিত হচ্ছে। বেসরকারি হাসপাতালে ফি নিয়ে যেসব বাণিজ্য হচ্ছে এসব বিষয় আমরা সিরিয়াসভাবে নিয়েছি।

সচিব বলেন, করোনাকালে অক্টোবর মাসে রেমিট্যান্স এসেছে ১৮ হাজার কোটি টাকা। চট্টগ্রামের রাউজান রাঙ্গুনিয়ায় অনেক মানুষ প্রবাসী। গতকাল আমাদের সিদ্ধান্ত হয়েছে যে, বিদেশগামী যাত্রীদের করোনা টেস্টের ফি নেওয়া হবে ৩০০ টাকা, যা আগে ছিল এক হাজার ৫০০ টাকা। আমরা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়কে প্রবাসীদের কার্ড এবং স্টিকার দিতে বলেছি। এই কার্ড দেখালেই ৩০০ টাকা ফি নেওয়া হবে।

চট্টগ্রামে চীনের অর্থায়নে চমেক মেডিকেল কলেজের আশপাশে বার্ন হাসপাতাল হবে জানিয়ে সচিব বলেন, বার্ন হাসপাতাল যদি মেডিকেল কলেজ থেকে দূরে হয় আমাদের চিকিৎসক নার্স ছাত্রছাত্রী এবং রোগীরা উৎসাহ হারিয়ে ফেলবে। চট্টগ্রামে পোড়া রোগীদের যাতে পথিমধ্যে মৃত্যুবরণ না করে, ঢাকার মতো চিকিৎসাসেবা পায় সেজন্য চট্টগ্রামে আধুনিক বার্ন হাসপাতাল হবে ঢাকার আদলে।