চট্টগ্রাম নগরের হালিশহর আবাসিক এলাকায় ৯ বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে এক বৃদ্ধকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২ জুন) বিকেলে এ ঘটনা ঘটে। পুলিশ সূত্রে জানা গেছে, বিকেল চারটার দিকে হালিশহর বি-ব্লক পাবলিক স্কুল মোড় এলাকার একটি মুদির দোকানে আইসক্রিম কিনতে যায় শিশুটি। এ সময় দোকানে লোকজন না থাকায় দোকানদার তাকে ধর্ষণের চেষ্টা করেন। বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা অভিযুক্ত ব্যক্তিকে আটকে রাখেন এবং পুলিশে খবর দেন।
পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্ত ব্যক্তির বয়স আনুমানিক ৮০ বছর। খবর পেয়ে হালিশহর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই ব্যক্তিকে হেফাজতে নেয়। সন্ধ্যার দিকে তাকে থানায় নিয়ে যাওয়া হয়। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ডিসি (পশ্চিম) মো. আলমগীর হোসেন বলেন, প্রাথমিকভাবে আমরা একটি শিশুকে ধর্ষণচেষ্টার ঘটনার তথ্য পেয়েছি। তবে এটি ধর্ষণের ঘটনা কি না, সে বিষয়ে এখনই নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। তদন্ত ও যাচাই-বাছাই শেষে এ বিষয়ে বিস্তারিত জানানো সম্ভব হবে।