ভিডিও কনফারেন্সে কাদের

ঘোলাপানিতে মাছ শিকারের অপচেষ্টা করছে বিএনপি

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি দেশে শ্বাসরুদ্ধকর পরিস্থিতি তৈরির মাধ্যমে ঘোলাপানিতে মাছ শিকারের অপচেষ্টা করছে। গতকাল বৃহস্পতিবার নোয়াখালী জেলার কবিরহাট উপজেলায় বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর এবং অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। ওবায়দুল কাদের তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হন।

সড়ক পরিবহনমন্ত্রী বলেন, দেশে একটি কুচক্রী মহল সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্নভাবে অপপ্রচার চালাচ্ছে। সবাইকে ঐক্যবদ্ধ থাকার পাশাপাশি ষড়যন্ত্রকারীদের অপপ্রচারের জবাব দিতে হবে। এ সময় সরকারের নীরবতাকে দুর্বলতা না ভাবতে বিএনপির প্রতি আহ্বান জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার গড়া ডিজিটাল বাংলাদেশের সুযোগ গ্রহণ করে দেশ-বিদেশে বসে বিএনপি ও তার দোসররা কল্পিত কাহিনী প্রচার করছে। সরকারের বিরুদ্ধে বলতে গিয়ে তারা দেশের ইমেজও নষ্ট করছে।

এ সময় শেখ হাসিনা সরকারের বিভিন্ন উন্নয়ন ও অর্জনের সাফল্য নেতাকর্মীদের প্রচার করার নির্দেশ দেন ওবায়দুল কাদের। তিনি বলেন, যারা এ দেশের স্বাধীনতা মনেপ্রাণে এখনো মেনে নিতে পারেনি, তাই বিজয়ের মাসেও তারা অপপ্রচার ও ষড়যন্ত্রে মেতে উঠেছে। তারা ইতিহাসের মীমাংসিত ইস্যু বঙ্গবন্ধুর ভাস্কর্যেরও অবমাননা করেছে।

তিনি বলেন, বিএনপি উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর পৃষ্ঠপোষক। তারা বিজয়ের মাসে বঙ্গবন্ধুর ভাস্কর্যের অবমাননার মাধ্যমে মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধের অবিনাশী চেতনার বিরুদ্ধে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। স্বাধীনতার সপক্ষের শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে এসব অপতৎপরতার বিরুদ্ধে সোচ্চার হতে হবে।

বিএনপির প্রতি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে সেতুমন্ত্রী বলেন, জনগণের স্বস্তি নষ্টের অপপ্রয়াস চালাবেন না। নির্বাচন ছাড়া ক্ষমতার পালাবদলে আর কোনো সাংবিধানিক পথ নেই।

বিএনপিকে ভোটের কোকিল অবহিত করে ওবায়দুল কাদের বলেন, তারা রাজনীতি করে নিজেদের জন্য, জনগণের জন্য নয়।