দুই মাস পর চাকমা তরুণী ধর্ষণ ও ডাকাতি মামলার চার্জশিট

খাগড়াছড়িতে বহুল আলোচিত প্রতিবন্ধী চাকমা তরুণীকে দলবদ্ধ ধর্ষণ ও ডাকাতি মামলার চার্জশিট আদালতে দাখিল করেছে পুলিশ। শুক্রবার সকালে পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান পুলিশ সুপার মোহাম্মদ আবদুল আজিজ।

অভিযোগপত্রে নয়জনকে আসামি করা হয়। তবে দুই আসামি পলাতক রয়েছেন। গ্রেপ্তার সবাই ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমুলক জবানবন্দি দিয়েছেন বলে জানায় পুলিশ।

পুলিশ সুপার বলেন, নয় আসামির মধ্যে একজনের বয়স ১৮’র নিচে। তাই চার্জশিটে আটজনের বিরুদ্ধে অভিযোগপত্র ও একজনের বিরুদ্ধে দোষীপত্র আদালতে জমা দেওয়া হয়েছে।

এ বছর ২৪ সেপ্টেম্বর রাতে খাগড়াছড়ি জেলা সদরের বলপেইয়া আদামে দুধর্ষ ডাকাতি এবং প্রতিবন্ধী পাহাড়ি তরুণীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে খাগড়াছড়ি থানায় ধর্ষণ ও ডাকাতির মামলা দায়ের হয়। পুলিশ এ পর্যন্ত সাতজনকে গ্রেপ্তারে সক্ষম হয়।

প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, ৫৯ কার্যদিবসে এ চার্জশিট আদালতে জমা দেওয়া হয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন ইন্সপেক্টর গোলাম আপছার।