লক্ষ্মীপুরে দুর্বৃত্তদের দেওয়া আগুনে একটি এতিমখানার খাবার ঘরসহ আসবাব পুড়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল শুক্রবার ভোররাতে সদর উপজেলার মান্দারী ইউনিয়নের যাদৈয়া গ্রামে ‘আলহাজ মাওলানা আহম্মদ উল্লাহ ছাহেব মাদ্রাসা কমপ্লেক্স ও এতিমখানা’য় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। পূর্বশত্রুতার জের ধরে অগ্নিসংযোগ করা হয়েছে বলে অভিযোগ করেছে এতিমখানা কর্তৃপক্ষ।
মাদ্রাসা কর্তৃপক্ষ ও স্থানীয়রা জানান, ভোর পৌনে ৪টার দিকে মাদ্রাসাটির শিক্ষক-শিক্ষার্থীরা ফজরের নামাজের জন্য ঘুম থেকে উঠে দেখে খাবার ঘরে আগুন জ¦লছে। পরে পুলিশ ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।
লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ওয়াসি আজাদ বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত।
অপরদিকে, চট্টগ্রামের বাঁশখালী উপজেলার গন্ডামারা ইউনিয়নের পূর্ব বড়ঘোনা জলদাসপাড়ায় অগ্নিকান্ডে পুড়ে গেছে অন্তত ২৬টি বাড়ি। গত বৃহস্পতিবার রাতে আগুন নেভাতে গিয়ে আহত হয়েছেন অন্তত ১৫ জন।
স্থানীয় জনপ্রতিনিধি ও গ্রামবাসীর ভাষ্যমতে, পূর্ব বড়ঘোনার জেলেপাড়ায় প্রায় সব পুরুষই এখন সাগরে মাছ ধরতে গেছেন। আগুন লাগার পর দমকলের গাড়ি গ্রামে আসতে পারেনি। গ্রামবাসীর দাবি, অগ্নিকান্ডে অন্তত কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
বাঁশখালী ফায়ার সার্ভিস স্টেশনের টিম লিডার লিটন বৈষ্ণব বলেন, খবর পেয়ে চাম্বল বাংলা বাজার ব্রিজ পর্যন্ত পৌঁছালেও যোগাযোগব্যবস্থার কারণে ঘটনাস্থলে পৌঁছাতে পারিনি।