‘কোথাও কেউ নেই’ নাটকে বদি চরিত্রে অভিনয় করে বিপুল পরিচিতি পেয়েছিলেন অভিনেতা আবদুল কাদের। জনপ্রিয় এই অভিনেতা এখন ভারতের চেন্নাইয়ের একটি হাসপাতালে ক্যানসারের সঙ্গে লড়াই করছেন। খবর পেয়েই তাকে ফোন করেছেন ‘কোথাও কেউ নেই’ নাটকের বাকের ভাই চরিত্রের অভিনেতা আসাদুজ্জামান নূর। চেন্নাই থেকে আবদুল কাদেরের পুত্রবধূ জাহিদা ইসলাম জানান, ‘কয়েক দিন হলো বাবা কিছুটা ভেঙে পড়েছেন। গতকাল হঠাৎ নূর আংকেল ফোন করলে বাবা বেশ চাঙা বোধ করেন। এখন তো মোবাইলে কারও সঙ্গে কথাই বলতে চান না। কিন্তু নূর আংকেলের সঙ্গে আগ্রহ নিয়ে কথা বললেন। মনে হলো সেই আগের মতো অবস্থা। বাবা কিছুটা সাহস পেয়েছেন।’ তিনি আরও বলেন, ‘আসাদুজ্জামান নূর তার শ্বশুরকে বলেছেন, তিনি ঢাকায় এলে আবার সুস্থ হয়ে উঠবেন। তারা সব সময় তার পাশে আছেন। তার জন্য অ্যাম্বুলেন্স থেকে শুরু করে সবকিছু প্রস্তুত রাখা হবে।’ নূর ছাড়াও ফোন করে কাদেরের সঙ্গে কথা বলেছেন নাট্যজন রামেন্দু মজুমদারসহ বেশ কয়েকজন। বিভিন্ন হাসপাতালে একাধিকবার পরীক্ষা-নিরীক্ষা করেও কাদেরের কোনো রোগ ধরা পড়েনি। শেষে কয়েক দিন আগে পুরো শরীর সিটিস্ক্যান করে জানা যায়, এই অভিনেতার শরীরে টিউমার রয়েছে। সেই টিউমার অপসারণ করাতে আবদুল কাদের যান চেন্নাই। পরে সেখানকার পরীক্ষায় তার শরীরে ক্যানসার ধরা পড়ে। এখন তিনি সেখানকার হাসপাতালে চিকিৎসাধীন। গত মঙ্গলবার থেকে এই অভিনেতার রক্তে হিমোগ্লোবিন ৩ থেকে ৫-এ ওঠানামা করছিল।