খুলনায় চরমপন্থি দলের সাবেক সদস্যকে গুলি করে হত্যা

খুলনায় চরমপন্থি দল বিপ্লবী কমিউনিস্ট পার্টির (এম-এল) সাবেক সদস্য মোল্লা হেমায়েত হোসেন লিপুকে (৪২) গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। গতকাল শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে ফুলতলা গরুরহাট এলাকায় এ হত্যাকান্ডের ঘটনা ঘটে। নিহত হেমায়েত হোসেন লিপু ফুলতলা উপজেলার তাজপুর গ্রামের মৃত আবদুস সামাদ মোল্লার ছেলে।

এলাকাবাসী ও পুলিশ জানায়, গতকাল সন্ধ্যা পৌনে ৭টার দিকে হেমায়েত হোসেন লিপু ফুলতলা গরুরহাট এলাকায় চার-পাঁচজনের সঙ্গে দাঁড়িয়ে কথা বলছিলেন। এ সময় একটি মোটরসাইকেলে দুজন সন্ত্রাসী এসে তাকে পেটে ও মুখে গুলি করে পালিয়ে যায়। স্থানীয় লোকজন উদ্ধার করে স্থানীয় ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ জানায়, ২০১৯ সালের মে মাসে পাবনায় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে ফুলতলা থানার ৩৫ জন চরমপন্থি আত্মসমর্পণ করে। তার মধ্যে হেমায়েত হোসেন লিপু ছিলেন একজন।

ফুলতলা থানার ওসি মাহতাবউদ্দিন বলেন, নিহত লিপু একসময় চরমপন্থি দলের সঙ্গে জড়িত ছিলেন। পূর্ব শত্রুতার জের ধরে এ হত্যাকা-ের ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তিনি জানান, হত্যাকারীদের গ্রেপ্তারে পুলিশ এলাকায় জোর অভিযান শুরু করেছে।