‘সাম্প্রদায়িক অপশক্তিকে কোনোভাবেই ছোবল মারার সুযোগ দেওয়া যাবে না এবং একে কঠোরভাবে দমন করা হবে’ বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। গতকাল শুক্রবার সন্ধ্যায় রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার প্রয়াত মেজর জেনারেল সি আর দত্ত বীর উত্তমের স্মরণ সভায় একথা বলেন তিনি। বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ ও বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ যৌথভাবে এ অনুষ্ঠান আয়োজন করে।
সাম্প্রদায়িক অপশক্তি বিনাশ হয়নি উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, ‘সেই কারণেই মাঝেমধ্যে সেই অপশক্তি ফণা তোলে ছোবল তোলার জন্য। কিন্তু যেই সম্মিলিত শক্তিতে দেশ স্বাধীন হয়েছে, সেই শক্তির কাছে তারা সবসময় পরাজিত হয়েছে, ভবিষ্যতেও হবে।’ শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির উদাহরণ সৃষ্টি করেছে। সময়ে সময়ে গুজব রটিয়ে সাম্প্রদায়িক হানাহানি সৃষ্টির যেকোনো অপচেষ্টা সরকার কঠোর হাতে দমন করেছে, ভবিষ্যতেও করা হবে।
মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার প্রয়াত মেজর জেনারেল সি আর দত্তের কথা স্মরণ করে তিনি আরও বলেন, দেশপ্রেমিক, সাহসী, সৎ, অসাম্প্রদায়িক, নিরহংকার এবং সবাইকে আপন করে নেওয়ার আশ্চর্য ক্ষমতার অধিকারী চিত্ত রঞ্জনের জীবন থেকে অনেক শেখার রয়েছে।
এ সময় বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় নেতা উষাতন তালুকদার এমপি, সাংবাদিক স্বপন কুমার সাহা, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি মিলন কান্তি দত্ত, সাধারণ সম্পাদক নির্মল কুমার চ্যাটার্জী প্রমুখ উপস্থিত ছিলেন।
এর আগে বিকেলে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার সংঘরাজ ভিক্ষু সমিতি ও বৌদ্ধ সমিতির সভাপতি এবং উপজেলার কেন্দ্রীয় সৈয়দবাড়ি ধর্মচক্র বিহারের প্রয়াত অধ্যক্ষ বিমলজ্যোতি মহাস্থবিরের অন্ত্যেষ্টিক্রিয়া উদ্যাপন অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হয়ে ড. হাছান মাহমুদ বলেন, প্রয়াত বিমলজ্যোতি মহাস্থবির একই সঙ্গে বৌদ্ধ ধর্মের ভিক্ষু ও হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সব ধর্মের মানুষের প্রিয়জন ছিলেন।