কুয়েট কর্মকর্তার স্ত্রীর প্রতারণা

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ভাইস চ্যান্সেলরের (ভিসি) ব্যক্তিগত সহকারীর (পিএস) স্ত্রীর বিরুদ্ধে চাকরি দেওয়ার নামে লাখ লাখ টাকা আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গত বৃহস্পতিবার বিকেলে দিলারা জাহান পায়েল (৩০) নামে ওই নারীকে আটক করেন ভুক্তভোগীরা। তাদের ভাষ্য, পায়েল বিশ্ববিদ্যালয়ের ভিসির পিএস এস এম সাইফুল্লাহ পলাশের স্ত্রী। আটকের খবর পেয়ে পায়েলকে নিজেদের হেফাজতে নেয় আড়ংঘাটা থানা পুলিশ। এরপর মুচলেকা ও টাকা পরিশোধের প্রতিশ্রুতি দিলে তাকে ছেড়ে দেওয়া হয়।

স্থানীয় তেলিগাতী গ্রামের হোসনে আরা নামে এক ভুক্তভোগী বলেন, ‘কুয়েটে চাকরি দেওয়ার নাম করে আমার কাছ থেকে ১৪ লাখ ও অন্য আরেকজনের কাছ থেকে ৫ লাখ টাকা নিয়েছে পায়েল।’

কুয়েটের প্রহরী মো. হোসেন শেখ জানান, স্বামীর মাধ্যমে কুয়েটে চাকরি দেওয়ার কথা বলে বিভিন্ন লোকের কাছ থেকে প্রায় ১ কোটি টাকা নিয়েছে পায়েল। কিন্তু চাকরি না হওয়ায় ওই টাকা ফেরত চেয়ে পায়েলকে আটক করে পুলিশে দিয়েছেন ভুক্তভোগীরা।

স্থানীয় যোগিপুল ইউপির ২ নম্বর ওয়ার্ড সদস্য জিএম এনামুল কবির বলেন, ‘আমার জানা মতে ১২ জনের কাছ থেকে প্রায় ৫০ হাজার টাকার মতো নিয়েছে পায়েল। টাকা ও চাকরি কোনোটিই না পেয়ে পায়েলকে আটকের পর পুলিশে দেন পাওনাদাররা। পরে আমার মধ্যস্থতায় ফাঁকা চেক, স্ট্যাম্প, মুচলেকা প্রদান ও ছয় মাসের মধ্যে টাকা পরিশোধের প্রতিশ্রুতি আদায়ের পর তাকে ছেড়ে দেওয়া হয়।’

কুয়েটের জনসংযোগ দপ্তরের সহকারী পরিচালক মনোজ কুমার মজুমদার জানান, গত ১৫-১৬ দিন ধরে ছুটিতে রয়েছেন সাইফুল্লাহ পলাশ। তিনি চাকরি থেকে অব্যাহতি নেওয়ার একটি আবেদন করেছেন। তবে তার বিরুদ্ধে আর কোনো অভিযোগ বিশ্ববিদ্যালয়ে আসেনি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

কুয়েট কর্মকর্তা সাইফুল্লাহ পলাশ জানান, তার স্ত্রী পায়েল মানসিকভাবে অসুস্থ। তাকে আর্থিক প্রলোভন দেখিয়ে চাকরি দেওয়ার নামে টাকা লেনদেন করেছে একটি পক্ষ। তবে এর সঙ্গে তিনি নিজে জড়িত নন। বরং বিষয়টি জানার পর থেকেই তাদের মধ্যে দাম্পত্য কলহ তৈরি হয়েছে। এ বিষয়ে দৌলতপুর থানায় একটি জিডিও করেছেন তিনি।

আড়ংঘাটা থানার ওসি কাজী রেজাউল করিম জানান, খবর পেয়ে উত্তেজিত জনতার কাছ থেকে পায়েল নামে এক নারীকে উদ্ধার করে থানায় আনা হয়। তার বিরুদ্ধে কোনো মামলা না হওয়ায় উভয়পক্ষের সমঝোতার মাধ্যমে তাকে ছেড়ে দেওয়া হয়।