লালমনিরহাটে দেশ রূপান্তরের বর্ষপূর্তি পালিত

কেক কাটা ও আলোচনা সভা ও র‌্যালির আয়োজনের মাধ্যমে লালমনিরহাটে দায়িত্বশীলদের দৈনিক দেশ রূপান্তর পত্রিকার দ্বিতীয় বর্ষপূর্তি উদ্‌যাপন করা হয়েছে।

রবিবার দুপুর ৩টায় লালমনিরহাট শেখ কামাল স্টেডিয়াম মিলনায়তনে জেলার কর্মরত সাংবাদিকগণ এতে অংশ নেন।

বণিক বার্তা ও বাংলা ট্রিবিউন এর লালমনিরহাট প্রতিনিধি মোয়াজ্জেম হোসেনের সঞ্চালনা স্বাগত বক্তব্য রাখেন দেশ রূপান্তরের লালমনিরহাট সংবাদদাতা ফরহাদ আলম সুমন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন লালমনিরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রফিকুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাটের বিশিষ্ট সমাজকমী©, লেখক ও কবি ফেরদৌসি রহমান বিউটি, লালমনিরহাট বার্তার সম্পাদক ও গেরিলা লিডার এসএম শফিকুল ইসলাম কানু।

এ সময় আরও বক্তব্য রাখেন লালমনিরহাট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবু আহাদ খন্দকার লেলিন, লালমনিরহাট প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আশিকুর রহমান ডিফেন্স, সাপ্তাহিক রংপুর সংবাদ এর সম্পাদক ও নিউজ ২৪ এর রংপুর বিভাগীয় প্রধান রেজাউল করিম মানিক, লালমনিরহাট ইনডিপেনডেন্ট প্রতিনিধি আবু হাসনাত রানা, কালীগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি আমিরুল ইসলাম হেলাল, আদিতমারী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সুলতান হোসেন ও কালীগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি রেফাজ রাঙ্গা প্রমুখ।

এ সময় বক্তারা মাত্র দুই বছরে দেশ রূপান্তর পত্রিকার ব্যাপক সফলতা পাওয়ায় পত্রিকাটির ভূয়সী প্রশংসা করেন।

আলোচনা শেষে দেশ রূপান্তরের জন্মদিনের কেক কাটেন উপস্থিত অতিথিরা। পরে একটি র‌্যালি বের হয়।