করোনায় সাবেক এমপি সামসুদ্দিন আহমেদের মৃত্যু

করোনা আক্রান্ত হয়ে মানিকগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) ও জেলা আওয়ামী লীগের উপদেষ্টা সামসুদ্দিন আহমেদ (৭৬) মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)। গত শনিবার রাত সোয়া ১টার দিকে ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়ে সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা সাবেক এমপি সামসুদ্দিন আহমেদের মৃত্যুতে শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

হরিরামপুর উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শাহীনুর রহমান বলেন, গত ১ জানুয়ারি সামসুদ্দিন আহমেদ করোনায় আক্রান্ত হন। ঢাকার ইউনাইটেড হাসপাতালে তাকে দুইবার প্লাজমা থেরাপি দেওয়া হয়। শনিবার রাতে তিনি মৃত্যুবরণ করেন। 

সামসুদ্দিন আহমেদ হরিরামপুর উপজেলার হারুকান্দি ইউনিয়নের ভেলাবাদ গ্রামের বাসিন্দা ছিলেন। তিনি ২০০১ সালে মানিকগঞ্জ-২ আসন (হরিরামপুর-শিবালয়) থেকে স্বতন্ত্র এমপি নির্বাচিত হয়েছিলেন। এর আগে তিনি দুই মেয়াদে হারুকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও হরিরামপুর উপজেলা পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। তিনি জেলা ও হরিরামপুর উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন।

প্রধানমন্ত্রীর শোক : প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য ও সাবেক এমপি সামসুদ্দিন আহমেদের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন। গতকাল রবিবার এক শোকবার্তায় তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজন, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।