সাভারের আশুলিয়ায় যৌতুকের টাকা না পেয়ে মারুফা আক্তার নামে (২৫) এক গৃহবধূকে ধারালো ব্লেড দিয়ে জখমের অভিযোগ উঠেছে স্বামী আজাদের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী গৃহবধূকে চিকিৎসার জন্য সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। রবিবার সকালে বিষয়টি গণমাধ্যমকর্মীদের জানায় ভুক্তভোগী গৃহবধূর পরিবার।
ভুক্তভোগীর পরিবার ও এলাকাবাসী জানায়, ছয় বছর আগে আশুলিয়ার কুটুরিয়া ধলপুর এলাকার আব্দুর রহমান আজাদের বখাটে ছেলে শেখ সাদী আজাদের সঙ্গে সাভারের কান্দি ভাকুর্তা এলাকার গোলাম মোস্তফার মেয়ে মারুফা আক্তারের পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের পর থেকে স্ত্রীর কাছে পাঁচ লক্ষ টাকা যৌতুক দাবি করতে থাকেন স্বামী আজাদ। শনিবার দুপুরে আবারও বাবার বাড়ি থেকে যৌতুকের পাঁচ লাখ টাকা আনতে বললে অস্বীকার করেন স্ত্রী মারুফা। তারপর মাহফুজার সারা শরীরে ধারালো ব্লেড দিয়ে জখম করে আজাদ। রক্তক্ষরণ হয়ে ওই গৃহবধূ অজ্ঞান হয়ে পড়লে ঘরে তালা ঝুলিয়ে পালিয়ে যায় বখাটে আজাদ। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা জানান, মারুফার হাত-পাসহ শরীরের বিভিন্ন স্থানে ব্লেড দিয়ে নির্মমভাবে কাটার কারণে অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ায় বর্তমানে তার অবস্থা সংকটাপন্ন।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএসএম কামরুজ্জামান বলেন, গৃহবধূকে জখমের ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।