ভারতে কৃষক আন্দোলনে ২৫ দিনে ৩৩ জনের মৃত্যু

ভারতে বিতর্কিত কৃষি আইন বাতিলের দাবিতে দিল্লি সীমান্তে চলমান কৃষক আন্দোলন ২৫ দিনে গড়িয়েছে। এ সময়ে ৩৩ জন কৃষকের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে অল ইন্ডিয়া কিষাণ সভা (একেএস)। এছাড়া বেশ কয়েকজন সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। আন্দোলনে অংশ নিতে গিয়ে মৃত্যুবরণ করা কৃষকদের স্মরণে ভারতজুড়ে গতকাল রবিবার শ্রদ্ধাঞ্জলি দিবস পালনের ডাক দিয়েছে সংগঠনটি।

একেএস নেতারা বলছেন, ভারতের অন্তত এক লাখ গ্রামে এই শ্রদ্ধাঞ্জলি দিবস পালন করা হবে। রবিবার ভারতের স্থানীয় সময় বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি ঘোষণা করা হয়। কর্মসূচির মধ্যে ছিল- মৃত কৃষকদের স্মরণসভা, মানববন্ধন, কৃষি আইনবিরোধী প্রচার এবং প্রার্থনা।

কৃষক আন্দোলন চতুর্থ সপ্তাহে গড়ালেও সুরাহা করতে পারছে না বিজেপি সরকার। সরকারের আশ্বাসে সন্তুষ্ট নয় কৃষকরা। কৃষি আইন বাতিলে অনড় অবস্থানে তারা। গত শনিবার দেশটির কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমার বলেছেন, ‘সরকার ন্যূনতম সমর্থন মূল্য নিয়ে লিখিত আশ্বাস দিতে রাজি।’ আর পশ্চিমবঙ্গের সভা থেকে অমিত শাহ বলেছেন, তার বিশ্বাস, কৃষকরা দ্রুত আলোচনার টেবিলে বসে বিষয়টি সুরাহা করবেন।

এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কৃষকদের কাছে হাতজোড় করে আলোচনায় বসতে অনুরোধ করেছিলেন। তবে কৃষকরা বলছেন, মোদি সরকার যে আলোচনার প্রস্তাব দিচ্ছে, তাতে লাভ হবে না। সরকার বৈঠকে যুক্তিনির্ভর আলোচনা করতে রাজি নয়।