জয়পুরহাটে ট্রেনের ধাক্কায় ১২ বাসযাত্রী নিহতের ঘটনায় সংশ্লিষ্ট রেলক্রসিংটির দায়িত্বে থাকা গেটম্যান নয়ন মিয়াকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। দায়িত্বে অবহেলার কারণে তাকে বরখাস্ত করেছে রেলওয়ে কর্র্তৃপক্ষ। গতকাল রবিবার জয়পুরহাট রেলওয়ের স্টেশন মাস্টার মো. হাবিবুর রহমান হাবিব দেশ রূপান্তরকে এ তথ্য জানান।
তিনি আরও বলেন, সদর উপজেলার পুরানাপৈল রেলগেটে তিনজন গেটম্যান দায়িত্ব পালন করেন। গত শনিবার সকালে সেখানে ট্রেন-বাস সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় নয়ন মিয়া গেটম্যানের দায়িত্বে ছিলেন। দায়িত্ব পালনে অবহেলা করায় তাকে রেলওয়ে কর্র্তৃপক্ষ সাময়িক বরখাস্ত করেছে।
গত শনিবার সকাল ৭টার দিকে জয়পুরহাট সদরের পুরানাপৈল রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় ১২ জন বাস আরোহী নিহত এবং ৫ জন গুরুতর আহত হন। এর মধ্যে তিনজনের অবস্থা সংকটাপন্ন। তারা বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এ দুর্ঘটনায় ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হলে উত্তরবঙ্গ, উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ ও ঢাকার মধ্যে রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। এতে দুর্ভোগে পড়েন বহু যাত্রী। আট ঘণ্টা পর বেলা ৩টায় রেলপথ সচল হয়। ঘটনা তদন্তে দুটি কমিটি করা হয়েছে।