নব্বই দশকের জনপ্রিয় চিত্রনায়িকা শিল্পীর পরিবারের প্রায় ৩৫ সদস্য করোনা আক্রান্ত হয়েছেন। তাদের কেউ এখন হাসপাতালে করোনার সঙ্গে লড়াই করছেন, কেউ দ্বিতীয়বার করোনা পরীক্ষা করাবেন। অনেকে কিছুটা সুস্থ হয়ে বাসাতেই চিকিৎসাধীন। ধারণা করা হচ্ছে, পারিবারিক একটি বিয়ের অনুষ্ঠানকে কেন্দ্র করেই করোনা ছড়ায়। সে সময় এই অভিনেত্রী সপরিবারে করোনা আক্রান্ত হন। প্রথমদিকে দু-একজন করোনায় আক্রান্ত হলেও পরে পাঁচ-ছয়জন করে একসঙ্গে আক্রান্ত হন। একে একে সবাই! তাই আক্রান্ত ব্যক্তিদের দেখভাল করার লোকের সংকট দেখা দিয়েছে। শিল্পী জানান, তার স্বামীর ১০ ভাই-বোন। তাদের বউ, ছেলেমেয়ে, নাতি-নাতনিসহ প্রায় সবাই আক্রান্ত হয়েছেন। তিনি আরও বলেন, ‘আমাদের পরিবারের একজনের বিয়ে ছিল। স্বল্প পরিসরে সেখানে পরিবারের সবাইকে জড়ো হতে হয়েছিল। পরে দেখা যায়, আমার পরিবার, আমার ভাইয়ের পরিবার, আমার শ্বশুর-শাশুড়ি, ভাশুরদের পরিবারের প্রায় সবাই করোনায় আক্রান্ত হন। আমাদের পরিবারের ওপর দিয়ে একটা ঝড় বয়ে যাচ্ছে।’ শিল্পীর অবস্থা বেগতিক আকার ধারণ করে। ডাক্তার জানান, করোনা তার ফুসফুসে আক্রমণ করেছিল। ২৩ দিন শিল্পীকে করোনার সঙ্গে লড়াই করতে হয়েছে। এখনো শারীরিকভাবে তিনি দুর্বল। চিকিৎসকের পরামর্শে ওষুধ খাচ্ছেন। জানালেন, কথা বলা বা চলাফেরা করলে তার হৃৎস্পন্দন বেড়ে যাচ্ছে। দুই মাস তাকে বিশ্রাম নিতে হবে।