নগদ সহায়তা পাচ্ছেন করোনায় কর্মহীন ১৭৯৪ শ্রমিক

সামাজিক সুরক্ষা কার্যক্রমের আওতায় নগদ সহায়তা পাচ্ছেন করোনাভাইরাস মহামারীতে রপ্তানিমুখী তৈরি পোশাক, চামড়াজাত পণ্য ও পাদুকা শিল্পের কর্মহীন হয়ে পড়া এক হাজার ৭৯৪ দুস্থ শ্রমিক।

গতকাল রাজধানীর শ্রম ভবনে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান এই নগদ সহায়তা প্রদান কার্যক্রম উদ্বোধন করেন। প্রথম পর্যায়ে গত সেপ্টেম্বরের জন্য এক হাজার ৭৯৪ জন দুস্থ শ্রমিক ৩ হাজার টাকা করে পাবেন।

বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে ইলেকট্রনিক সিস্টেমে আগামী ২৪ ঘণ্টার মধ্যে উপকারভোগীর নিজস্ব ব্যাংক অ্যাকাউন্টে সহায়তার টাকা চলে যাবে বলে জানিয়েছেন শ্রম প্রতিমন্ত্রী। তিনি বলেন, কভিড-১৯ বৈশ্বিক মহামারীর কারণে গত মার্চের পর তৈরি পোশাক এবং চামড়া ও পাদুকাশিল্পের অনেক রপ্তানিমুখী কারখানা লে-অফ এবং উৎপাদন সাময়িকভাবে স্থগিত বা সীমিতকরণে বাধ্য হয়েছে। ফলে উদ্যোক্তা এবং শ্রমিক উভয়ই ক্ষতিগ্রস্ত হয়েছেন।

চারটি শিল্প খাতের কারখানায় যারা গত ফেব্রুয়ারিতে কাজ করেছেন কিন্তু এখন কর্মহীন, এমন শ্রমিকদের নিজ নিজ কারখানায় গিয়ে ইলেকট্রনিক পদ্ধতিতে তথ্য আপলোড করার অনুরোধ জানান প্রতিমন্ত্রী।