এক ছক্কায় ছন্দে বার্নস

অনেক দিন ধরেই টেস্ট ওপেনিং নিয়ে সমস্যায় ছিল অস্ট্রেলিয়া। ডেভিড ওয়ার্নারের গত কয়েক টেস্টের পার্টনার জো বার্নস ছন্দে ছিলেন না। ভারতের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচে ৪, ০, ০, ১ করে নির্বাচকদের প্রতি ভালো কোনো ইঙ্গিত দিতে পারেননি এই কুইন্সল্যান্ডার। এমন অবস্থায় ওয়ার্নের ইনজুরি দুশ্চিন্তা আরও বাড়িয়ে দেয়। মার্কাস হ্যারিসকে দলে নেন থিংক ট্যাংক। তবুও শেষ পর্যন্ত হ্যারিস নয়, বার্নসকেই সুযোগ দেন আবার কোচ জাস্টিন ল্যাঙ্গার। ভারতের বিপক্ষে প্রথম ইনিংসে ৪১ বলের সংগ্রামী ইনিংসে ৮ রান করেন বার্নস। কিন্তু ৯০ রানের টার্গেটে দ্বিতীয় ইনিংসে নিজেকে ফিরে পান বার্নস। ৬৩ বলে হার না মানা ৫১ রানের ইনিংসে দলকে জেতান। জয়সূচক শটটিও এসেছিল তার ব্যাট থেকে। ৭ বাউন্ডারির পর ফাইন লেগ দিয়ে পুল করে ছক্কা মেরে অস্ট্রেলিয়ার জয় নিশ্চিত করেন তিনি।

সেই শটের মর্ম বোঝাতে গিয়ে বলেছেন, ‘পুরো গ্রীষ্মেই আমি আত্মবিশ্বাসী ছিলাম। ভালো ব্যাট করছিলাম, কিন্তু ছন্দটা ছিল। অনেক সময় ছন্দে ফিরতে একটা শট লাগে। এরকম অবস্থায় আমি আগেও পড়েছি। জানতাম দ্রুতই তা ফিরে পেতে পারি।’

ছন্দে ফেরা বার্নস ২৬ ডিসেম্বর মেলবোর্ন শুরু দ্বিতীয় টেস্টে পার্টনার ডেভিড ওয়ার্নারকেও ফিরে পাচ্ছেন মনে হচ্ছে। সিডনিতে করোনা পরিস্থিতি খারাপের দিকে যাওয়ায় ব্যক্তিগত বিমানে আগেই মেলবোর্নে পৌঁছে গেছেন ওয়ার্নার। বক্সিং ডে টেস্টে নিজেদের পরিকল্পনা সম্পর্কে বার্নস বলেছেন, ‘আমরা জানি (প্রতিপক্ষের মনে) কিছু ক্ষত তৈরি করতে পেরেছি। এখন আমাদের আরও ভালোভাবে প্রস্তুতি নিতে হবে। এই ছন্দ ধরে রাখতে হবে। সামি আর বিরাট কোহলির না থাকা ভারতের কাছে বড় ক্ষতি। এই ধরনের বিশ্বমানের ক্রিকেটারদের বিকল্প পাওয়া মুশকিল। তবে ভারতীয় দলে যথেষ্ট গভীরতা রয়েছে। তাই আমার মনে হয় টেস্ট সিরিজ চ্যালেঞ্জের হতে চলেছে। সিরিজের ফলাফল কী হতে পারে, তা অনেকটা নির্ভর করছে দ্বিতীয় টেস্টের ওপর।’