গাইবান্ধায় ধর্ষণ মামলার আসামির বস্তাবন্দি লাশ

বগুড়া থেকে অপহরণের পর গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার ফুলপুকুরিয়া বাজার থেকে শিমুল মিয়া (২৮) নামে ধর্ষণ মামলার এক আসামির বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ। গত সোমবার রাতে উপজেলার গুমানীগঞ্জ ইউনিয়নের আলীপুর এলাকার রাস্তার পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়। এছাড়া একইদিন সকালে কুষ্টিয়ার মিরপুর থেকে সলেমান হোসেন (২৮) নামে এক যুবকের গলাকাটা ও নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে অজ্ঞাতপরিচয় এক কিশোরের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো খবর :

গাইবান্ধা : গত সোমবার বগুড়ায় ধর্ষণ মামলার হাজিরা দিতে গিয়ে নিখোঁজ হন শিমুল। পরে গোবিন্দগঞ্জের আলীপুর এলাকায় রাস্তার পাশ থেকে তার বস্তাবন্দি লাশ উদ্ধার করে পুলিশ।

কুষ্টিয়া : নিহত সলেমান মিরপুর উপজেলার আমবাড়িয়া এলাকার ভাদুর ছেলে। তিনি তার বাবার সঙ্গে মাঠে কৃষিকাজ করতেন বলে জানা গেছে। মিরপুর থানার ওসি গোলাম মোস্তফা জানান, গতকাল সকালে এলাকাবাসী হালসা দরগার মাঠে সলেমানের গলাকাটা লাশ পড়ে থাকতে দেখে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

নারায়ণগঞ্জ : গতকাল সকালে ফতুল্লার মধ্য নরসিংপুর এলাকা থেকে অজ্ঞাতপরিচয় এক কিশোরের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়। স্থানীয়দের ধারণা, কিশোরকে গলা কেটে হত্যা করে লাশ সেখানে ফেলে গেছে দুর্বৃত্তরা। ফতুল্লা মডেল থানার ওসি আসলাম হোসেন জানান, নিহত কিশোরের পরিচয় জানার চেষ্টা চলছে। পরিচয় জানতে পারলে হত্যার কারণ ও হত্যাকারীদের শনাক্ত করা সহজ হবে।