ইঁদুর মারার ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কিশোরের মৃত্যু

নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় ইঁদুর মারার জন্য নিজের পাতা ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জীবন মিয়া (১৭) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। জীবন উপজেলার নাজিরপুর ইউনিয়নে গনিয়ারগাঁও গ্রামের সোলায়মান মিয়ার ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত রবিবার সন্ধ্যায় কৃষিকাজে ব্যবহৃত নিজেদের পাম্প চালু করতে পাম্পের কাছে যায় জীবন মিয়া। সেখানে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয় জীবন। রাত সাড়ে ৮টার দিকে তার মামা রিপন মিয়া পাম্পের কাছে গিয়ে জীবনকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কলমাকান্দা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত মেডিকেল অফিসার ইকরামুল হক জানান, হাসপাতালে আনার আগেই জীবন মিয়ার মৃত্যু হয়েছে।