চাঁদা না পেয়ে নির্মাণাধীন বাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে নোয়াখালী জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ফজলুল হক সুজন ও তার সহযোগীদের বিরুদ্ধে। গতকাল মঙ্গলবার দুপুরে নোয়াখালী প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে এমন অভিযোগ করেন নোয়াখালী সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ড. আ ফ ম রুহুল আমিন।
রুহুল আমিন বলেন, ‘দীর্ঘদিন ধরে সুজন ও তার লোকজন ৫ লাখ টাকা চাঁদা দাবি করে আসছে। দিতে অস্বীকার করায় সে আমাকে হুমকিধমকি দিয়ে আসছিল। এ ঘটনায় পুলিশ, র্যাব ও জেলা প্রশাসনকে লিখিত অভিযোগ দিয়েও কোনো প্রতিকার পাইনি। সর্বশেষ গত সোমবার সুজন ও তার সন্ত্রাসী বাহিনী এসে আমার নির্মাণাধীন বাড়িতে ভাঙচুর চালায়। সঙ্গে একটি পিকআপ এনে তারা দুই লাখ টাকার নির্মাণসামগ্রী অস্ত্রের মুখে ভয় দেখিয়ে লুট করে নিয়ে যায়।’
তিনি আরও বলেন, ‘সুজন আমার ক্রয় করা সম্পত্তির ৬ শতাংশ তার বলে দাবি করছে। এসব বিষয়ে উকিল সালিশের সিদ্ধান্ত হলেও গত ১২ দিন ধরে কালক্ষেপণ করছে প্রতিপক্ষ। এমন অবস্থায় আমি ও আমার পরিবার-পরিজন নিরাপত্তাহীনতায় ভুগছি।’
অভিযোগ অস্বীকার করে ছাত্রলীগের সাবেক নেতা সুজন বলেন, ‘আমার খালুর সঙ্গে জায়গাজমি সংক্রান্ত বিরোধ রয়েছে প্রফেসর রুহুল আমিনের। অমীমাংসিত জায়গায় তিনি বাড়ি নির্মাণ করছেন। এ নিয়ে বৈঠকের কথা বললেও তিনি তা করেননি। এখন মিথ্যা অপবাদ দিচ্ছেন।’