খুলনার সেই যুবলীগ নেতার বিরুদ্ধে ২ মামলা

পাইকগাছা উপজেলার কপিলমুণি মুক্তদিবস উপলক্ষে আয়োজিত জনসভায় বঙ্গবন্ধু ও তার পরিবারকে নিয়ে ‘আপত্তিকর’ বক্তব্য দেওয়া সেই যুবলীগ নেতার বিরুদ্ধে আদালতে দুটি মামলা হয়েছে। গত সোমবার এই মামলা দুটি হয়। মামলা দুটি আমলে নিয়ে আদালত আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পিবিআইকে নির্দেশ দিয়েছে।

মামলার অভিযোগে বলা হয়েছে, গত ৯ ডিসেম্বর উপজেলার কপিলমুণি মুক্তদিবস উপলক্ষে কপিলমুণি সহচরী বিদ্যামন্দির মাঠে জনসভা অনুষ্ঠিত হয়। জনসভায় প্রধান অতিথি ছিলেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। ওই জনসভায় মন্ত্রী আসার আগে উপজেলা যুবলীগ নেতা আবদুর রাজ্জাক রাজু বঙ্গবন্ধু ও তার পরিবারকে নিয়ে আপত্তিকর বক্তব্য দেন। ওই বক্তব্যের প্রতিবাদে আবদুর রাজ্জাক রাজুর শাস্তির দাবিতে বিক্ষোভ, প্রতিবাদ সভা ও সাংবাদিক সম্মেলন হয়েছে। এর জেরে গত ১৭ ডিসেম্বর রাজু লিটন সরদার নামে এক যুবককে পিটিয়ে আহত করেন। পরে লিটন সরদার পাইকগাছা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন। একই ঘটনায় আলহাজ সৈয়দ সালামুল্লাহ নামে আরেক ব্যক্তি একই আদালতে আরেকটি মামলা করেছেন।

সংশ্লিষ্ট আইনজীবী জি এম আমজাদ হোসেন ও শেখ তৈয়ব হোসেন নূর বলেন, মঙ্গলবার মামলাটি আমলে নিয়ে আদালত আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পিবিআইকে নির্দেশ দিয়েছে।

এ ব্যাপারে উপজেলা যুবলীগ সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য আবদুর রাজ্জাক রাজু বলেন, ‘অসাবধানতাবশত বক্তব্যটি হয়েছে।’