ডাকাতের কবলে পড়ে ট্রাক চালকের মৃত্যুর অভিযোগ

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার পোষ্টকামুরী এলাকা থেকে মজিবর রহমান (৫০) নামে এক ট্রাক চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

তিনি ডাকাতের কবলে পড়ে মারা গেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। তার বাড়ি ঢাকার সাভার উপজেলার বলিয়ারপুর গ্রামে।

পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য ট্রাকের হেলপার হাসানকে (২০) আটক করেছে। তিনি রংপুরের মিঠাপুকুর উপজেলার বধরুককালাই গ্রামের সাকী মিয়ার ছেলে।

পুলিশের জিজ্ঞাসাবাদে আটক হাসান জানান, গতকাল মঙ্গলবার বিকেল তিনটার দিকে তারা দিনাজপুরের মধ্যপাড়া থেকে পাথরবোঝাই ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৬-৭৫২৫) নিয়ে ঢাকার দিকে রওনা হন। গতকাল দিবাগত রাত তিনটায় ট্রাকটি মির্জাপুরের পোষ্টকামুরী চড়পাড়া এলাকায় পৌঁছে।

সামনে যান থাকায় তাদের ট্রাকটি খুবই আস্তে চলছিল। তারা পোষ্টকামুরী সেতুর কাছে গেলে তারা অস্ত্রধারী ডাকাতের কবলে পড়েন। ডাকাতদলের সদস্যরা অস্ত্র উঁচিয়ে তাদের কাছে থাকা মালামাল লুটে নেয়ার চেষ্টা করেন।

এ সময় ডাকাতেরা তাদের মারধর করেন। পরে তারা দুইজন ট্রাক রেখে দৌড়ে পালিয়ে যান। আজ সকালে সেতুর পাশে প্রায় ৪০ ফুট গভীর দূরত্ব থেকে পুলিশ মজিবরের লাশ উদ্ধার করে। 

মির্জাপুর থানার পরিদর্শক (তদন্ত) গিয়াস উদ্দিন বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের পাশে হাসানকে কাঁদতে দেখে। পরে মরদেহ উদ্ধার ও হেলপার হাসানকে আটক করে। বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে।