চাকরির মেয়াদ শেষে বছরের শেষ দিন অবসরে যাচ্ছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আহমদ কায়কাউস। এ কর্মকর্তাকে ৩১ ডিসেম্বর থেকে অবসর দিয়ে গতকাল বুধবার আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। মেয়াষপূর্তিতে মুখ্য সচিব কায়কাউসের অবসরের আদেশ হলেও গতকাল রাত পর্যন্ত ওই পদে নতুন কাউকে নিয়োগ দেওয়া হয়নি। সরকারের একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, তাকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে এ পদেই রাখা হতে পারে। সম্প্রতি মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম দুই বছরের চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন।
২০১৯ সালের ২৯ ডিসেম্বর বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিবের দায়িত্ব থেকে আহমদ কায়কাউসকে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব করা হয়। ১৯৮৬ সালের বিসিএস ব্যাচের এ কর্মকর্তা ২০১৭ সাল থেকে বিদ্যুৎ সচিবের দায়িত্ব পালন করেন। আহমদ কায়কাউসকে ২০১৯ সালের ফেব্রুয়ারিতে সিনিয়র সচিব হিসেবে পদোন্নতি দেওয়া হয়।