রাজধানীর যাত্রাবাড়ী ও পল্টন এলাকা থেকে গত মঙ্গলবার কোকেনসহ র্যাবের হাতে আটক হওয়া ৬ জনই আন্তর্জাতিক কোকেন পাচারকারী চক্রের সঙ্গে জড়িত। জব্দ করা কোকেন তারা পাশর্^বর্তী একটি দেশ থেকে এনে অন্য আরেকটি দেশে পাচারের চেষ্টা করছিল বলে জানিয়েছে র্যাব।
গতকাল বুধবার এক সংবাদ সম্মেলনে র্যাব জানিয়েছে, যাত্রাবাড়ীর কোনাপাড়া মোমেনবাগ এলাকার সালাউদ্দিন স্কুল রোডের একটি বাসা থেকে প্রথমে তিনজনকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার হয় এক কেজি কোকেন। পরবর্তী সময়ে তাদের জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে রাজধানীর পল্টন এলাকায় ৩৫-৩৬ বঙ্গবন্ধু এভিনিউয়ে অবস্থিত হোটেল মোমেনায় অভিযান চালিয়ে আরও এক কেজি কোকেনসহ আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলোÑ সুলতান হাসান (৫০), দুই ভাই হান্নান (৩৫), উজ্জ্বল (২৮), উদয় দাস (৫২), শ্রী পলাশ দে (৫৮) ও ফিরোজ আলম খাঁন (৫০)।
র্যাব কর্মকর্তারা জানান, আটকের সময় তাদের কাছ থেকে কোকেনসহ ৯টি মোবাইল ফোন ও নগদ দুই হাজার ২৬০ টাকা উদ্ধার করা হয়। পরে গতকাল বুধবার তাদের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মাদক আইনে মামলা করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
র্যাবের এক কর্মকর্তা দেশ রূপান্তরকে বলেন, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা পেশাদার মাদক কারবারি। তারা দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক কোকেন পাচারকারী চক্রের সঙ্গে জড়িত। সম্প্রতি পাশর্^বর্তী একটি দেশ থেকে কোকেনের চালান নিয়ে আসে। তারপর অন্য আরেকটি দেশে পাচারের চেষ্টা করছিল।
র্যাব-১০ এর মেজর শাহরিয়ার জিয়াউর রহমান দেশ রূপান্তরকে বলেন, কোন দেশ থেকে কীভাবে দেশে নিয়ে এসেছে কিংবা কোন প্রক্রিয়ায় কোন দেশে পাচারের চেষ্টা করছিল, সেসব বিষয়ে তথ্য পাওয়া গেলেও তদন্তের স্বার্থে এখনই বলা যাচ্ছে না। এই চক্রের আরও সদস্য আছে, তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
যাত্রাবাড়ী থানার ওসি মাজহারুল ইসলাম বলেন, র্যাবের হাতে আটক হওয়া আসামিদের বিরুদ্ধে মাদক আইনে মামলা করেছে র্যাব। মামলার জব্দ তালিকা ও আসামিদের বুঝে পেয়েছি। বৃহস্পতিবার (আজ) আসামিদের আদালতের কাছে উপস্থাপন করা হবে।