নির্বাচন কমিশনে অনিয়মের অভিযোগ

৪২ নাগরিকের প্রস্তাবে পূর্ণ সমর্থন ড. কামালের

কেএম নুরুল হুদার নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের বিরুদ্ধে আর্থিক অনিয়ম, দুর্নীতি ও নির্বাচনসংশ্লিষ্ট গুরুতর অসদাচরণের অভিযোগ তুলে রাষ্ট্রপতির কাছে ৪২ নাগরিকের দেওয়া অভিযোগের প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছেন গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন ও সাধারণ সম্পাদক ড. রেজা কিবরিয়া। গতকাল বুধবার গণমাধ্যমে পাঠানো গণফোরামের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

গত ১৪ ডিসেম্বর ৪২ জন নাগরিকের পক্ষে ওই চিঠি পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট শাহদীন মালিক, যিনি নিজে একসময় ইসির আইনজীবী ছিলেন। চিঠিতে স্বাক্ষরকারীদের মধ্যে রয়েছেনÑ অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী, সাবেক উপদেষ্টা ও সচিব আকবর আলি খান, সাবেক মহাহিসাব-নিরীক্ষক এম হাফিজউদ্দিন খান, মানবাধিকারকর্মী সুলতানা কামাল, শিক্ষাবিদ রাশেদা কে চৌধূরী। গত সোমবার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জাতীয় পার্টি মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু, বাম জোটের নেতৃবৃন্দ ও জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব এ বিবৃতিকে সমর্থন জানিয়ে বক্তব্য দিয়েছেন।

গণফোরামের বিবৃতিতে বলা হয়, ‘দেশের প্রথিতযশা ৪২ জন নাগরিক সম্প্রতি এক বিবৃতিতে প্রধান নির্বাচন কমিশনার কেএম নুরুল হুদার নেতৃত্বাধীন বর্তমান নির্বাচন কমিশনের বিরুদ্ধে আর্থিক অনিয়ম, দুর্নীতি ও গুরুতর অসদাচরণের অভিযোগ এনে সপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের মাধ্যমে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে। আমরা বিশিষ্ট ওই নাগরিকদের যৌক্তিক দাবি ও প্রস্তাবের প্রতি পূর্ণ সমর্থন জানাচ্ছি।’

বিবৃতিতে গণফোরাম নেতারা আরও বলেন, ‘নির্বাচন কমিশনের মতো একটি সাংবিধানিক সংস্থার বিরুদ্ধে আর্থিক অনিয়ম, দুর্নীতি ও নির্বাচন সংক্রান্ত গুরুতর অভিযোগ কারও কাম্য ছিল না। এটা জাতির জন্য কলঙ্কময় ও দুর্ভাগ্যজনক।’

তারা বলেন, ‘ইসির বিরুদ্ধে ক্রয় ও নিয়োগ বাণিজ্যের অভিযোগ উঠেছে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনসহ বিভিন্ন সিটি করপোরেশন নির্বাচনে গুরুতর অসদাচরণ ও অনিয়মের অভিযোগে ইসির প্রতি জনগণের আস্থার সংকট দেখা দিয়েছে। আমরা রাষ্ট্রপতিকে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের মাধ্যমে দ্রুত তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য বিশেষ অনুরোধ জানাচ্ছি।’