ফ্রান্সে গুলিবিদ্ধ হয়ে তিন পুলিশের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ১৪ জন। ফ্রান্সের কেন্দ্রীয় পুই ডে ডোম এলাকায় গতকাল বুধবার ওই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে এএফপি।
কেন্দ্রীয় প্রসিকিউটরের কার্যালয় থেকে হতাহতের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। পারিবারিক সহিংসতার ঘটনায় পুলিশের কাছে সহায়তা চেয়ে ফোন করা হয়েছিল। তারা ঘটনাস্থলে পৌঁছে এক নারীকে উদ্ধারের চেষ্টা করছিলেন। সে সময় ৪৮ বছর বয়সী এক ব্যক্তি পুলিশকে লক্ষ করে এলোপাতাড়ি গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলেই তিন পুলিশ সদস্য নিহত হয়েছেন।
স্থানীয় সময় মধ্যরাতে পুলিশের কাছে ফোনকল আসার পরপরই তারা ঘটনাস্থলে পৌঁছান। এরপরই তারা বন্দুক হামলার শিকার হন। ফেরান্ড প্রসিকিউটরের কার্যালয় জানিয়েছে, প্রথমে এক পুলিশ কর্মকর্তাকে গুলি করা হলে তার মৃত্যু হয় এবং আরও একজন আহত হন। এরপরই আরও দুজন কর্মকর্তা গুলিবিদ্ধ হয়ে নিহত হন। হামলার পর ওই বাড়িটিতে আগুন ধরিয়ে দেওয়া হয়। তবে কর্মকর্তারা জানিয়েছেন, ঘটনাস্থল থেকে ওই নারীকে নিরাপদেই উদ্ধার করা হয়েছে। এখনো ঘটনাস্থলে নিরাপত্তা কর্মীরা কাজ করে যাচ্ছেন বলে জানানো হয়েছে।
ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল ডারমানো পরে সন্দেহভাজন বন্দুকধারীর মৃতদেহ পাওয়ার কথা নিশ্চিত করেন। এ বিষয়ে বিস্তারিত বলেননি তিনি। বন্দুকধারীর গুলিতে তিন পুলিশ সদস্য নিহতের ঘটনায় শোক প্রকাশ করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ও প্রধানমন্ত্রী জঁ ক্যাসটেক্স। আহত পুলিশ সদস্যের পায়ে গুলি লেগেছিল; তিনি আশঙ্কামুক্ত বলে কর্মকর্তারা নিশ্চিত করেছেন।