সাভারে চাকরি দেওয়ার নামে ভুয়া কোম্পানি খুলে দরিদ্র মানুষের অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে প্রতারক চক্রের ৭ সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব -৪।
এ সময় প্রতারকদের কাছে জিম্মি থাকা ১২ ভুক্তভোগীকেও উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে ২০০ কপি নিয়োগ বিজ্ঞপ্তি, ০৫ টি অব্যাহতির ফরম, ৩০ টি নিয়োগ বিজ্ঞপ্তির ব্যানার, ৩ টি যোগদানপত্র ও ১টি রেজিস্ট্রার জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার র্যাব-৪ (সিপিসি-২) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে।
গ্রেপ্তারকৃতরা হলো- মো. সেলিম হোসেন (২৯), মো. সোহেল রানা (২৪), মো. আজিজুল ইসলাম (২২), মো. সোহান (১৮), মো. জাহাংগীর হোসেন (২১), ফারহানা আক্তার সীমু (১৮), তাসলিমা আক্তার (২০)।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামিরা ভুক্তভোগীদের চাকরি দেওয়ার নাম করে টাকা নেওয়ার পর বিভিন্ন অফিসের ঠিকানা দিয়ে পাঠিয়ে দিত এবং সে সকল অফিসে গিয়ে ভুক্তভোগীরা কোনো কাজের সন্ধান না পেয়ে প্রতারকদের কাছে এসে টাকা ফেরত চাইলে তাদের ভয়ভীতি দেখিয়ে অকথ্য ভাষায় গালাগালি করে তাড়িয়ে দিত।
র্যাব-৪ (সিপিসি-২) এর কোম্পানি কমান্ডার মেজর এএইচএম আদনান তফাদার জানান, বুধবার সন্ধ্যা ৭ টার দিকে তেঁতুলঝোরা এলাকায় হাজি মোহাম্মদ বিল্লালের মালিকানাধীন সাইজুদ্দিন সুপার মার্কেটের দ্বিতীয় তলায় তরিকুল ফোর স্টার সিকিউরিটি লিমিটেডের কার্যালয়ে অভিযান চালিয়ে ৭ প্রতারককে গ্রেপ্তার করা হয়েছে।
এ সময় প্রতারণার কাজে ব্যবহৃত ২০০ কপি নিয়োগ বিজ্ঞপ্তি, ২৫টি জীবনবৃত্তান্ত, ৫টি অব্যাহতির ফরম, ৩০টি নিয়োগ বিজ্ঞপ্তির ছোট ব্যানার, স্ক্যানার, সিপিইউ, মনিটর, ল্যাপটপ ও ১১টি মোবাইল জব্দ করা হয়।
এ ঘটনায় আটক ৭ জনের বিরুদ্ধে সাভার মডেল থানায় একটি মামলা করে বৃহস্পতিবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে। এ ছাড়া ভবিষ্যতেও এইরূপ অসাধু চক্রের বিরুদ্ধে র্যাব-৪ এর জোরালো সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে।