হাসপাতালের টিকিটে ওষুধ কোম্পানির বিজ্ঞাপন

ব্রাহ্মণবাড়িয়ার ৫০ শয্যাবিশিষ্ট নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের সরকারি টিকিট ও ওয়ার্ডে ভর্তির কাগজে বেসরকারি ওষুধ কোম্পানির বিজ্ঞাপন দেওয়া হয়েছে। ওষুধ কোম্পানির প্রতিনিধিরা বলছেন, টিকিট ও সিøপগুলো চেয়ে নিতেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা নিজেই।

জানা যায়, নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগে আসা রোগীদের ৫ টাকার বিনিময়ে টিকিট সংগ্রহ করতে হয়। সেই টিকিটের গায়ে ড্রাগ ইন্টারন্যাশনাল নামের একটি ওষুধ কোম্পানির ৫টি ওষুধের নাম বিজ্ঞাপন দেওয়া রয়েছে। ওষুধগুলো হলো ফুক্লাভ, টি-সেফ, ফ্লুপেন, পেইর ও প্রোনেক্স। এ ছাড়া রোগী ভর্তির জন্য ৮ টাকা করে কাটতে হয় ফরম। ওই ফরমের কাগজেও এরোস্টো ফার্মা নামের একটি ওষুধ কোম্পানির ৫টি ওষুধের বিজ্ঞাপন দেওয়া হয়েছে। ভর্তি ফরমে এক্সন, আপ্যালসেট, ইমেপ, ওমেপ ও ওরাডলের নাম লেখা রয়েছে।

এরিস্টো ফার্মা ওষুধ কোম্পানির ব্রাহ্মণবাড়িয়ার অ্যাসিস্ট্যান্ট সেলস ম্যানেজার আনোয়ার হোসেন জানান, এসব ফরম ডা. অভিজিৎ স্যার আমাদের কাছ থেকে চেয়ে নিতেন। ফরমগুলো শেষ হলে আমাদের জানানো হয়, আমরা অফিসে চাহিদা দিলে আবার সরবরাহ করা হয়।

ড্রাগ ইন্টারন্যাশনাল ওষুধ কোম্পানির ব্রাহ্মণবাড়িয়ার এরিয়া ম্যানেজার জমসেদুল হক বলেন, প্রায় দুই বছর আগে জরুরি বিভাগের সিøপগুলো দেওয়া হয়েছিল। তারপর আমাদের কোম্পানি আর দেয়নি। তবে আমার সহকারী জানিয়েছেন, দুই-তিন আগে নাসিরনগর হাসপাতাল থেকে আবারও স্লিপ দিতে বলেছে। কিন্তু আমাদের কোম্পানি আর স্লিপ দেবে না। কারণ তাদের টাকা খরচ করে সিøপ দেওয়া হলেও তেমন ওষুধ লেখে না।

নাসিরনগর স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার পর্যন্ত ওষুধ কোম্পানির বিজ্ঞাপন সংযুক্ত টিকিটই ব্যবহার করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। গত বুধবার থেকে সাংবাদিকদের নজরে আসায় তারা কিছুটা নড়েচড়ে বসেছে। হাসপাতালে বিজি প্রেস থেকে পাঠানো ফরম ও স্লিপ ব্যবহারের নিয়ম থাকলেও ওষুধ কোম্পানির বিজ্ঞাপন দেওয়া কাগজ ব্যবহার করায় কর্তৃপক্ষের নৈতিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন এলাকার সচেতন মানুষ।

নাসিরনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অভিজিৎ রায় বলেন, টিকিটগুলো অনেক আগের। আমি যোগদান করারও আগে ওষুধ কোম্পানি টিকিটগুলো দিয়েছিল বলে জানতে পেরেছি।

এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন ডা. একরাম উল্লাহ জানান, কোনো অবস্থাতেই হাসপাতালের সরকারি টিকিটে কোনো ওষুধ কোম্পানি বিজ্ঞাপন দিতে পারে না। আমি খোঁজ নিচ্ছি। এ বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।