সঞ্জীব চৌধুরীর জন্মদিন আজ

সংগীতশিল্পী সঞ্জীব চৌধুরীর জন্মদিন আজ শুক্রবার। তার স্মরণে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘নবম সঞ্জীব উৎসব ২০২০’। করোনা পরিস্থিতির কারণে এবার অনলাইনে অনুষ্ঠিত হবে এ উৎসব। দেখা যাবে ‘সঞ্জীব উৎসব’ নামের ফেইসবুক পেজ থেকে। ২০১০ সাল থেকে প্রতি বছর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে এ উৎসব আয়োজন করছে ‘সঞ্জীব উৎসব উদ্যাপন পর্ষদ’। নবমবারের মতো আয়োজিত এ উৎসবে অংশ নেবেন সঞ্জীব অনুরাগী কিছু সংগীতশিল্পী, লেখক ও সাংবাদিক।

এবার উৎসবে গান ও স্মৃতিচারণা করবেন হাসান আবিদুর রেজা জুয়েল, আবিদা নাসরিন কলি, বাপ্পা মজুমদার, শেখ রানা, শুভ, পারভেজ, এলিটা করিম, জয় শাহরিয়ার, সিনা হাসান, সাহস মোস্তাফিজ ও মন, লালন মাহমুদ, ফারাবি, সুহৃদ স্বাগত, তুহিন, উদয় ও গানকবি। সঞ্জীব উৎসবের অন্যতম আয়োজক জয় শাহরিয়ার বলেন, ‘করোনা সতর্কতা মাথায় রেখেই এবার অনলাইনে আয়োজন। সঞ্জীব উৎসব দাদাকে ভালোবেসেই করা। এ উৎসবের মূল উদ্দেশ্য যারা দাদাকে কাছে পায়নি, তাদের কাছে দাদার গান ও গানের দর্শন পৌঁছে দেওয়া।’

এই আয়োজনে সার্বিক সহযোগিতা করছে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক সংসদ, ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যান্ড সোসাইটি ও আজব কারখানা। অনলাইনে আয়োজিত হলেও রাত সোয়া ৮টায় টিএসসির সঞ্জীব চত্বরে প্রদীপ প্রজ্বালনের মধ্য দিয়ে উৎসব শুরু হবে। উৎসব শুরু হবে রাত ৮টায়, চলবে ১০টা পর্যন্ত।

সঞ্জীব চৌধুরী ১৯৬৪ সালের ২৫ ডিসেম্বর হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার মাকালকান্দি গ্রামে জন্ম নেন। তিনি ছিলেন ব্যান্ড ‘দলছুট’-এর অন্যতম প্রতিষ্ঠাতা। দলছুটের চারটি অ্যালবামে কাজ করার পাশাপাশি অনেক গান রচনা ও সুর দিয়েছেন তিনি। তার উল্লেখযোগ্য গানের মধ্যে রয়েছে ‘আমি তোমাকেই বলে দেবো’, ‘রঙ্গিলা’, ‘সমুদ্র সন্তান’, ‘জোছনা বিহার’, ‘তোমার ভাঁজ খোলো’, ‘চাঁদের জন্য গান’, ‘স্বপ্নবাজি’ প্রভৃতি। ‘গাড়ি চলে না’, ‘বায়োস্কোপ’, ‘কোন মিস্তরি নাও বানাইছে’ গানগুলো গেয়ে বাংলা লোকগানকে তিনি নাগরিক জীবনের অবিচ্ছেদ্য অংশে পরিণত করেছেন। ২০০৭ সালের ১৯ নভেম্বর শেষনিঃশ্বাস ত্যাগ করেন সঞ্জীব চৌধুরী।