কয়েক মাসের বিরোধ ও অচলাবস্থার পর ব্রেক্সিট-পরবর্তী বাণিজ্য চুক্তিতে একমত হয়েছে যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। গতকাল বৃহস্পতিবার যুক্তরাজ্যের সমুদ্রসীমায় মাছ ধরাসহ ভবিষ্যৎ অন্য বাণিজ্যিক শর্তগুলো নিয়ে দুই পক্ষই চুক্তিতে পৌঁছায়। বিবিসি বলছে, গতকাল হওয়া ওই চুক্তিপত্রটি এখনো প্রকাশ করা না হলেও যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর দপ্তর থেকে চুক্তি হওয়ার বিষয়ে ঘোষণা দেওয়া হয়েছে। বাণিজ্য আলোচকদলের রাতভর আলোচনার পর চুক্তির বিস্তারিত খুঁটিনাটি বিষয় চূড়ান্ত হয়েছে। লন্ডন এবং ব্রাসেলসে চুক্তিটি আনুষ্ঠানিকভাবে অনুমোদন করার জন্য দু’পক্ষের হাতে ১ সপ্তাহ সময় আছে।
এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন, আমরা আমাদের ঐতিহ্য ও আইন ফিরে পেয়েছি। চুক্তির প্রশংসা করে জনসন বলেছেন, এর আওতায় বিভিন্ন কোম্পানি এবং রপ্তানিকারকরা ইউরোপীয় বন্ধু দেশগুলোর সঙ্গে আরও বেশি ব্যবসা করার সুযোগ পাবে।
এদিকে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিন বলেছেন, ‘খুবই ভালো এবং ভারসাম্যপূর্ণ’ একটি চুক্তি হয়েছে।
ভন ডার লিন সাংবাদিকদের বলেছেন, চুক্তিতে পৌঁছানোর পথ খুবই দীর্ঘ এবং কঠিন ছিল। তবে শেষ পর্যন্ত আমরা একটা ভালো চুক্তিতে পৌঁছাতে পেরেছি।
যুক্তরাজ্য গত ৩১ জানুয়ারিতে ইইউ ছাড়লেও ৩১ ডিসেম্বর পর্যন্ত ইইউর বাণিজ্যনীতির আওতাতেই থাকছে। তাই এ সময়ের মধ্যেই দু’পক্ষকে বাণিজ্য চুক্তিটি সই করে নিতে হবে।