বিএডিসির উদাসীনতায় ডিএপি সারের সংকট মোস্তাফিজ

কিশোরগঞ্জের ভৈরবসহ চার উপজেলায় ডিএপি (ড্রাই এমোনিয়া ফসফেট) সারের তীব্র সংকট দেখা দিয়েছে। বর্তমানে জেলার বিএডিসির কিশোরগঞ্জ সদর, ভৈরব ও সরারচর গুদামে এই সারের মজুত শুন্য রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। চলতি ডিসেম্বর মাসে কিশোরগঞ্জ জেলায় ডিএপি সারের বরাদ্দ হয়েছে ৬ হাজার ৩৫৪ মে. টন। অথচ জেলার তিন গুদামে ডিএপি সারের মজুতই নেই। ফলে ডিলারদের দোকানে কৃষকরা সার পাচ্ছে না।

বিএডিসি ভৈরব সার গুদামের সহকারী পরিচালক (সার) শফিকুল ইসলাম জানান, গত মঙ্গলবার পর্যন্ত চার উপজেলার সার ডিলারদের বরাদ্দকৃত ৬০০ মে. টন (১২ হাজার বস্তা) ডিএপি সারের ব্যাংক পে-অর্ডার অফিসে জমা আছে।  ভৈরব গুদামে কোনো মজুত না থাকায় ডিলারদের সার সরবরাহ করা সম্ভব হচ্ছে না।

ভেরবে এখন রবি আবাদ চলছে। রবি ও বোরো আবাদে ফলন বাড়াতে ডিএপি সার ব্যবহার খুবই জরুরি। ডিলারদের অভিযোগ, বিএডিসি কর্তৃপক্ষ চট্টগ্রাম  থেকে আশুগঞ্জ নৌবন্দরে দুই হাজার মে. টন (৪০,০০০ বস্তা) ডিএপি সার পাঠিয়েছে। কিন্তু আশুগঞ্জ থেকে ভৈরব গুদামে সার না পাঠিয়ে অন্যান্য জেলায় সরবরাহ করছে। কর্তৃপক্ষের অবহেলার কারণে ভৈরবসহ কিশোরগঞ্জের ডিলাররা সময়মতো সার পাচ্ছেন না বলে অভিযোগ ডিলারদের।

আগামী দুই সপ্তাহের মধ্যে ডিএপি সার ডিলাররা না পেলে এই সারের মৌসুম থাকবে না। এতে কৃষক ও ডিলার উভয়েই ক্ষতিগ্রস্ত হবেন। সার না পেলে রবি ও বোরো আবাদে ফলন উৎপাদন কমে যাওয়ার আশঙ্কা রয়েছে। এদিকে অষ্টগ্রাম, ইটনা, মিঠামইন, হাওরের কৃষকরা ডিলারদের দোকানে ডিএপি সার না পেয়ে নানা জায়গায় ধরনা দিচ্ছেন। তাই কৃষকদের চাহিদা পূরণে অবিলম্বে ডিএপি সার সরবরাহ দেওয়ার দাবি ডিলারদের।

বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন (বিএফএ) কিশোরগঞ্জ জেলা ইউনিটের সহ-সাধারণ সম্পাদক আলামিন সৈকত জানান, কিশোরগঞ্জের ৪ উপজেলার বরাদ্দকৃত ডিএপি সার সরবরাহ দেওয়া হয় ভৈরব বিএডিসি সার গুদাম থেকে। গত তিনদিন যাবৎ ডিলাররা ১২ হাজার বস্তা সারের পে-অর্ডার নিয়ে গুদামে ধর্না দিচ্ছেন। কিন্তু গুদামে ডিএপি সার না থাকায় সার দিতে পারছেন না কর্তৃপক্ষ।

তিনি অভিযোগ করে বলেন, আশুগঞ্জ বিএডিসির ডিএপি সারের কার্গো এসেছে। কিন্তু প্রশাসনিক জটিলতা দেখিয়ে কর্তৃপক্ষ আশুগঞ্জ থেকে কিশোরগঞ্জের ডিলারদের সার সরবরাহ দিচ্ছেন না। বিলম্ব করে সার সরবরাহ দিলে এই সার কৃষকদের কোনো কাজে আসবে না বলেও তিনি জানান।

অষ্টগ্রাম উপজেলার সার ডিলার সাখাওয়াত হোসেন বলেন, ডিএপি সার নিতে তিনদিন যাবৎ ভৈরবে ঘুরছি, কিন্তু সার পাচ্ছি না।

বিএফএ’র কোষাধ্যক্ষ রফিকুল ইসলাম অবিলম্বে ভৈরবসহ কিশোরগঞ্জ জেলার বিএডিসির তিন গুদামে ডিএপি সার পাঠানোর দাবি জানিয়েছেন।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কিশোরগঞ্জের উপ-পরিচালক সাইফুল আলম জানান, ঘটনাটি কোনো ডিলার আমাকে জানাননি। এখন জরুরি ভিত্তিতে এই সংকট নিরসনে ব্যবস্থা নেওয়া হবে।

কিশোরগঞ্জ জেলা বিএডিসির যুগ্ম-পরিচালক ফিরোজ উদ্দিন জানান, আশুগঞ্জ থেকে গত মঙ্গলবার ১৪০ মে. টন ডিএপি সার সরবরাহের ব্যবস্থা করা হয়েছে। শিগগিরই সার সংকট কাটাতে ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে এতদিন কোনো ব্যবস্থা গ্রহণ করেননি এই প্রশ্নের কোনো সদুত্তর দিতে পারেননি তিনি।