আগামী ৩০ জানুয়ারি দিনাজপুরের হাকিমপুর পৌরসভা নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা। তৃতীয় দফায় অনুষ্ঠিতব্য ওই নির্বাচনে মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদপ্রার্থীদের কাছ থেকে মনোনয়নপত্র উত্তোলনের সময় বিভিন্ন নামে বাড়তি অর্থ আদায়ের অভিযোগ উঠেছে।
একাধিক ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী অভিযোগ করে বলেন, ‘নির্বাচন কমিশন কর্তৃক নির্ধারিত নমিনেশন ফি বাবদ ৫ হাজার ও সিডি নেওয়ার জন্য ৫০০ টাকা এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদের জন্য নমিনেশন ফি বাবদ ৫ হাজার ও সিডি বাবদ ১৫০০ টাকা ট্রেজারি চালানের মাধ্যমে পরিশোধের বিধান রয়েছে। এরপর উপজেলা নির্বাচন অফিসে সেই চালানের কপি জমাদানপূর্বক সব প্রক্রিয়া সম্পূর্ণ করে মনোনয়নপত্র উত্তোলন করতে হয়। কিন্তু মনোনয়নপত্র আনতে গেলে অতিরিক্ত আরও ৫০০ টাকা করে নিচ্ছেন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা। এ ছাড়া সিডি নিতে গিয়েও ১০০ টাকা করে নেওয়া হচ্ছে। অথচ এর জন্য কোনো চালান বা রিসিপ্ট দেওয়া হচ্ছে না।’
অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ অস্বীকার করে হাকিমপুর উপজেলা নির্বাচন অফিসার শফিকুর রহমান আকন্দ জানান, তার দপ্তরে সংশ্লিষ্ট ওয়ার্ডের প্রত্যেক প্রার্থীর কাছ থেকে ভোটার তালিকা সংবলিত সিডির জন্য ৫০০ টাকা চালান মূলেই তারা জমা দিচ্ছেন।