আজ জনপ্রিয় টেলিভিশন আরটিভির ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে এবং নতুন বছরকে কেন্দ্র করে সপ্তাহব্যাপী বিশেষ আয়োজন করেছে চ্যানেলটি। থাকছে বউ-শাশুড়ির টক-মিষ্টি-ঝাল সম্পর্ক নিয়ে অনুষ্ঠান ‘বউ কথা কও’, ধারাবাহিক নাটক ‘অব দ্য রেকর্ড’, ‘টুইন ভিলেজ’সহ একাধিক আয়োজন। রাত ৮টায় প্রচার হবে জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম অভিনীত বিশেষ নাটক ‘হ্যালো বেবী’। এই তারকার সঙ্গে কথা বলেছেন রণ
তাহসানের সঙ্গে ‘হ্যালো বেবী’...
নাটকটি রচনা ও পরিচালনা করেছেন এ সময়ের জনপ্রিয় নির্মাতা কাজল আরেফিন অমি। আমার সহশিল্পী তাহসান খান। সবাই আমাদের জুটির কাজ খুব পছন্দ করে। আমিও তাহসানের সঙ্গে কাজ করতে বরাবরই খুব কমফোর্টেবল ফিল করি। অমি ভাইয়ের নির্দেশনায় প্রথম কাজ করলাম। কিন্তু এত মজা করে কাজ করেছি যে কখন শেষ হয়েছে বুঝতেই পারিনি। করোনার মধ্যে কাজ হলেও নাটকটির গল্প আর টিম খুব আন্তরিক ছিল, তাই আনন্দ নিয়ে কাজ করেছি।
বিশেষ দিবসের নাটকে...
আমি তো এখন নাটক করি না। তবে বিশেষ দিবসের ভালো মানের কাজ হলে কেন করব না? ‘হ্যালো বেবী’ তেমনি একটি কাজ। প্রথমে জানতাম না এটি আরটিভির প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রচার হবে। তবে এটুকু শুনেছিলাম বিশেষ দিবসে প্রচার হবে। এখন জেনে ভালো লাগছে যে প্রিয় চ্যানেলের ১৬তম জন্মদিনে আমার নতুন কাজটি সবাই দেখতে পারবেন। আরটিভিকে ক্যারিয়ারের শুরু থেকেই আমি পাশে পেয়েছি। তাই বিষয়টি আমার জন্য আনন্দের।
ইউটিউবের সিলভার বাটন...
করোনার মধ্যেই হুট করে ভাবলাম কী করা যায়? সেই চিন্তা থেকে ইউটিউব চ্যানেল খোলা। ছোট ছোট ব্যক্তিগত ভিডিও শেয়ার করলেও মূলত ‘মিমস কাস্টডি’ নামের একটি সেলিব্রেটি টক-শো করেছিলাম আমার চ্যানেল থেকে। দর্শক খুব ভালো সাড়া দিয়েছে। তাই অল্প সময়ে ইউটিউব কর্তৃপক্ষ আমাকে সিলভার বাটন দিয়েছে। এই প্রাপ্তির পর মনে হচ্ছে সময় পেলেই ইউটিউবের জন্য কিছু একটা করার।
নতুন কাজ...
সম্প্রতি রায়হান রাফির ‘দামাল’ সিনেমার প্রায় সব কাজ শেষ করে এলাম সৈয়দপুর থেকে। আর একদিনের শ্যুটিং বাকি আছে। রাফি ভাইয়ের ‘পরান’ ও ‘ইত্তেফাক’ সিনেমাতেও আমি কাজ করেছি। সিয়ামের বিপরীতে ‘ইত্তেফাক’-এর অর্ধেক কাজ শেষ। নির্মাতা বলেছেন তার হাতের অন্য ছবিগুলো এক এক করে শেষ করার পর আবার এর কাজ শুরু করবেন। সুতরাং এ সিনেমা নিয়ে আমি এখন পর্যন্ত কোনো অনিশ্চয়তা দেখছি না।