ব্রাহ্মণবাড়িয়ার সব উপজেলা ও পৌর বিএনপির কমিটি বিলুপ্ত

ব্রাহ্মণবাড়িয়ার ৯ উপজেলা ও পাঁচটি পৌর এলাকার বিএনপির সব কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। গত শুক্রবার রাতে জেলা বিএনপির আহ্বায়ক জিল্লুর রহমান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে সাংবাদিকদের বিষয়টি জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে, গত ৩০ নভেম্বর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সভা হয়। সভায় জেলা বিএনপির অধীনে সব উপজেলা ও পৌর বিএনপির সাংগঠনিক কমিটির মেয়াদোত্তীর্ণ হওয়ায় বিলুপ্ত ঘোষণা করা হয়। শিগগিরই উপজেলা ও পৌর বিএনপির সংশ্লিষ্ট নেতাদের সঙ্গে আলোচনা করে বিলুপ্ত কমিটির কার্যক্রম পরিচালনার জন্য নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হবে।

জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সিরাজুল ইসলাম জানান, খুব দ্রুত ইউনিটগুলোতে আহ্বায়ক কমিটি ঘোষণা করা হবে।

জেলা বিএনপির সদ্য বিলুপ্ত কমিটির সভাপতি, সাবেক পৌর মেয়র হাফিজুর রহমান মোল্লা কচি জানান, শুনেছি সব উপজেলা ও পৌর কমিটি বিলুপ্ত করা হয়েছে। এ ব্যাপারে নাসিরনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হান্নান জানান, নিয়ম অনুযায়ী কোনো কমিটি বিলুপ্ত ঘোষণার সঙ্গে সঙ্গে নতুন আহ্বায়ক কমিটির নাম ঘোষণা করা হয়। কিন্তু এ ক্ষেত্রে নিয়ম মানা হয়নি। কেন মানা হয়নি, সেটি আমি জানি না। শুনেছি জেলা বিএনপির আহ্বায়ক প্রতিটি উপজেলায় সাংগঠনিক সফর করার মাধ্যমে আহ্বায়ক কমিটি ঘোষণা করা হবে। জেলা বিএনপির আহ্বায়ক জিল্লুর রহমান বলেন, সাংগঠনিক গতিশীলতা আনতে মেয়াদোত্তীর্ণ কমিটিগুলো বিলুপ্ত করা হয়েছে। দ্রুত সব ইউনিটের কমিটি গঠন করা হবে।