বাল্যবিয়ের দায়ে কাজির সহকারী ও বরের মাকে জরিমানা

শেরপুরে বাল্যবিয়ে পরানোর দায়ে কাজির এক সহকারী ও বরের মাকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গত শুক্রবার রাতে নকলা উপজেলার পাঠাকাটা ইউনিয়নে এ ঘটনা ঘটে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, এলাকার কিছু লোকের তথ্যের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহিদুর রহমান ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ জরিমানা করেছেন।

পাঠাকাটা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মুহাম্মদ ফয়েজ মিল্লাত জানান, প্রায় দেড় মাস আগে ইউনিয়নের বহুর্দী গ্রামের ২০ বছর বয়সী রাজু মিয়ার সঙ্গে পারিবারিকভাবে পাঠাকাটা গ্রামের সপ্তম শ্রেণির এক ছাত্রীর গোপনে মৌখিক বিয়ে হয়। এলাকায় ঘটনা জানাজানি হলে শুক্রবার রাতে রাজুর বাড়িতে স্থানীয় ঝিকরুল কাজির সহকারী আবু বক্কর সিদ্দিককে ডেকে তাদের বিয়ে নিবন্ধন করা হয়। পরে খবর পেয়ে ইউপি চেয়ারম্যান ফয়েজ ও নকলা থানার এসআই আবদুস সাত্তারের সহযোগিতায় রাজুর বাড়িতে অভিযান চালান ইউএনও জাহিদুর। সেখানেই রেজিস্ট্রি বইসহ হাতেনাতে ধরা হয় কাজির সহকারীকে। পরে রাজুর মা ও আবু বক্করকে ২৫ হাজার টাকা করে জরিমানা করা হয়।