দিনাজপুরের খানসামা উপজেলার পাকেরহাটে দুই ইয়াবা ব্যবসায়ীকে হাতেনাতে ধরার পর পুলিশের হাতে সোপর্দ করেছে উপজেলা ছাত্রলীগের নবগঠিত নেতাকর্মীরা।
রবিবার বেলা ১২টার দিকে উপজেলার পাকেরহাট বাজার এলাকার হাসহাটিতে দুই ইয়াবা ব্যবসায়ীকে আটক করা হয়।
আটকরা হলেন- পার্বতীপুর উপজেলার দক্ষিণপাড়া এলাকার সুকুমার চন্দ্র রায়ের ছেলে সিদ্ধার্থ কুমার (২২) ও একই এলাকার রঞ্জিত কুমার রায়ের ছেলে দীপঙ্কর রায় (২১)।
খানসামা উপজেলা ছাত্রলীগের নবগঠিত আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান সুমন, লিটন রহমান ও আবু হেনা জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা খবর পান দুজন ছেলে ইয়াবা নিয়ে পাকেরহাটে অবস্থান করছেন। কৌশলে দুজনকে ইয়াবাসহ হাতেনাতে আটক করেন। পরে তাদের কাছে আটক ইয়াবাসহ খানসামা থানা পুলিশের হাতে সোপর্দ করেন।
ছাত্রলীগ নেতারা বলেন, আমরা চাই খানসামা থানা মাদকমুক্ত থাকবে। খানসামা উপজেলায় কোন মাদক ব্যবসায়ীর জায়গা হবে না। ছাত্রলীগের কোনো নেতাকর্মীও যদি মাদকের সাথে জড়িতের অভিযোগ পাওয়া যায় তাহলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ বিষয়ে খানসামা থানার এসআই মোতাহার হোসেন বলেন, ছাত্রলীগের নবগঠিত কমিটির কয়েকজন নেতা আমাদের খবর দেয় তারা দুজন মাদক ব্যবসায়ীকে ইয়াবাসহ আটক করেছে। খবর পেয়ে আমরা এসে আনুমানিক ১০০ পিস ইয়াবাসহ দুজনকে আটক করি।
মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।