নারীর প্রতি সহিংসতা রোধে নোয়াখালীতে সমাবেশ

দেশব্যাপী নারীর প্রতি সহিংসতা রোধে নোয়াখালীতে সমাবেশ হয়েছে। গতকাল রবিবার বেলা ১১টায় নোয়াখালী পৌরসভার উদ্যোগে জেলা শহর মাইজদীর বালুর মাঠে এ সমাবেশ হয়। এতে প্রধান অতিথি ছিলেন নোয়াখালী পৌরসভার মেয়র শহিদ উল্যাহ খান সোহেল।

সমাবেশে পৌরসভার পাঁচটি ওয়ার্ডের সহস্রাধিক নারী ও বিভিন্ন পর্যায়ের নারী নেত্রীরা অংশগ্রহণ করেন। সমাবেশে প্রধান অতিথি ছাড়াও বক্তব্য রাখেন প্যানেল মেয়র রতন কৃষ্ণ পাল, নোয়াখালী সদর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান নুর আলম ছিদ্দিকী রাজু, সরকারের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের টাউন ম্যানেজার এসএম লিয়াকত, নারী নেত্রী উম্মে জান্নাত, রোকেয়া বেগম প্রমুখ।

শহিদ উল্যাহ খান বলেন, সরকার প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের মাধ্যমে নারীদের আত্মমর্যাদাসম্পন্ন এবং স্বাবলম্বী করে তুলছে। যখনই নারীরা আর্থসামাজিকভাবে উন্নত হবে, প্রতিবাদ করতে শিখবে, প্রতিরোধ গড়ে তুলবে, তখনই সমাজ থেকে নারীর প্রতি সহিংসতা দূর হবে। সমাবেশ শেষে একটি শোভাযাত্রা মাইজদীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।