রাষ্ট্রপতির শিল্প উন্নয়ন পুরস্কার পাচ্ছে ১৯ প্রতিষ্ঠান

রাজধানীর প্যান-প্যাসিফিক সোনারগাঁ হোটেলে আজ সোমবার ‘রাষ্ট্রপতির শিল্প উন্নয়ন পুরস্কার ২০১৮’ প্রদান করা হবে। শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন নির্বাচিত শিল্প উদ্যোক্তা বা প্রতিষ্ঠানের মধ্যে এ পুরস্কার প্রদান করবেন। এতে বিশেষ অতিথি থাকবেন শিল্প প্রতিমন্ত্রী কামল আহমেদ মজুমদার এবং এফবিসিসিআই সভাপতি শেখ ফজলে ফাহিম। সভাপতিত্ব করবেন শিল্প সচিব কে এম আলী আজম।

জাতীয় অর্থনীতিতে শিল্প খাতে অবদানের স্বীকৃতি প্রদান, প্রণোদনা সৃষ্টি এবং সৃজনশীলতাকে উৎসাহিত করার লক্ষ্যে রাষ্ট্রপতির শিল্প উন্নয়ন পুরস্কার প্রদান করা হয়। উদ্যোক্তাদের উদ্বুদ্ধ, আকৃষ্ট ও উৎসাহিতকরণের লক্ষ্যে রাষ্ট্রপতির শিল্প উন্নয়ন পুরস্কার ২০১৮-এর জন্য ছয়টি ক্যাটাগরিতে মোট ১৯ প্রতিষ্ঠানকে মনোনীত করা হয়েছে। বৃহৎ শিল্প ৪, মাঝারি শিল্প ৪, ক্ষুদ্র শিল্প ৩, মাইক্রো শিল্প ৩, কুটির শিল্প ৩ এবং হাইটেক শিল্প ক্যাটাগরিতে ২ প্রতিষ্ঠানকে পুরস্কৃত করা হচ্ছে।