সিরাজগঞ্জের শাহজাদপুরের ওপর দিয়ে যানবাহন চলাচলে বাধা ও শ্রমিকদের মারধরের প্রতিবাদের গত বৃহস্পতিবার রাত থেকে পাবনা-ঢাকা রুটে বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছে পাবনা বাস মালিক-শ্রমিক সংগঠন। আকস্মিকভাবে ঢাকাগামী বাস বন্ধ করে দেওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। গত তিন দিনেও বিষয়টির কোনো সুরাহা হয়নি।
এদিকে গতকাল রবিবার সংবাদ সম্মেলন করে যান চলাচলে বাধা ও শ্রমিক নির্যাতন বন্ধ না করলে আগামী ২ জানুয়ারি থেকে পাবনা থেকে সব পরিবহন চলাচল বন্ধ করে লাগাতার ধর্মঘট ডাকা হবে বলে হুমকি দিয়েছেন পাবনা জেলা পরিবহন মালিক ও শ্রমিক ঐক্য পরিষদের নেতারা। পাবনা প্রেস ক্লাব অডিটরিয়ামে সংবাদ সম্মেলন করে তারা এ হুমকি দেন।
লিখিত বক্তব্যে পাবনা জেলা মোটর মালিক গ্রুপের সভাপতি মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান বলেন, ‘শাহজাদপুরের বাস শ্রমিকরা দীর্ঘদিন ধরে পাবনার কোচ ও বাস চালকদের বিনাকারণে মারধর করে। পাবনার মালিক শ্রমিকরা সংশ্লিষ্ট কর্র্তৃপক্ষের কাছে এর প্রতিকার চেয়ে কোনো সুফল পাননি। কারণে-অকারণে তাদের অপ্রতিরোধ্য চাঁদাবাজিতে পাবনার পরিবহন মালিক ও শ্রমিকরা অতিষ্ঠ। ফলে বাধ্য হয়ে শাহজাদপুরের ওপর দিয়ে চলাচলকারী বাস কোচসহ সব রুটে অনির্দিষ্টকালেরর জন্য বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। তিন দিন অতিবাহিত হলেও প্রশাসন এ বিষয়টি সমাধানে উদ্যোগ নেয়নি। ৭২ ঘণ্টার মধ্যে বিষয়টির সুরাহা না হলে পাবনা থেকে সব রুটে বাস, ট্রাক, সিএনজি অটোরিকশাসহ যেকোনো ধরনের যান্ত্রিক পরিবহন চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হবে।’ এ সময় তিনি উত্তর ও দক্ষিণবঙ্গের মালিক শ্রমিকদের সঙ্গে নিয়ে বৃহত্তর কর্মসূচির হুঁশিয়ারিও দেন।
সংবাদ সম্মেলনে পাবনা জেলা মোটর মালিক গ্রুপের সাধারণ সম্পাদক আবুল এহসান রেয়ন, ট্রাক মালিক গ্রুপ সভাপতি রুহুল আমিন বিশ্বাস রানা, বাস মিনিবাস মালিক সমিতির আহ্বায়ক হাজী শরীফ, মোটর শ্রমিক ইউনিয়নের সদ্য বিলুপ্ত কমিটির সভাপতি ফিরোজ খানসহ জেলার পরিবহন সংশ্লিষ্ট সব সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।