অনুমতি ছাড়া গোপনে মাহফিলে যোগদান

কুমিল্লায় মামুনুল হকসহ ৬ জনের বিরুদ্ধে মামলা

কুমিল্লার চান্দিনা উপজেলায় প্রশাসনের অনুমতি ছাড়া গোপনে মাহফিলে যোগ দিয়ে বক্তব্য দেওয়ার অভিযোগে খেলাফত মজলিসের মহাসচিব ও হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হকসহ ৬ জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। গতকাল রবিবার চান্দিনা থানার ওসি শামসুদ্দিন মোহাম্মাদ ইলিয়াস বিষয়টি নিশ্চিত করেন।

মামলার অভিযোগে বলা হয়, গত ১৫ ডিসেম্বর থানার জোয়াগ পশ্চিমপাড়া এলাকায় দুই দিনব্যাপী ইসলামি মহাসম্মেলনের আয়োজন করা হয়। মাহফিলের দ্বিতীয় দিনে মামুনুল হকের যাওয়ার বিষয়টি পরিকল্পিতভাবে গোপন রাখেন আয়োজকরা।

এ কারণে গত ১৭ ডিসেম্বর চান্দিনা থানায় দায়ের করা মামলায় মামুনুল হকসহ ৬ জনকে আসামি করা হয়। মামলার বিষয়টি প্রথমে গোপন রাখা হলেও গতকাল সকালে এ তথ্য নিশ্চিত করেন ওসি শামসুদ্দিন।

চান্দিনা থানার ওসি বলেন, করোনা মহামারীর কারণে গণজমায়েত নিষিদ্ধ করেছে সরকার। তার মধ্যে প্রশাসনের কাছে তথ্য গোপন করে মাহফিলের আয়োজন করেছেন অভিযুক্তরা। তিনি আরও বলেন, ওই মাহফিলের পোস্টার ও ব্যানারে মামুনুল হকের নাম ছিল না। কিন্তু আয়োজকদের যোগসাজশে মাহফিলে এসে মামুনুল বক্তব্য দিয়েছেন। এ কারণে আয়োজক মোশাররফ হোসেন মাহমুদকে এক নম্বর এবং মামুনুল হককে দুই নম্বর আসামি করা হয়।

গত শনিবার জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে মামুনুল হকের বক্তব্য দেওয়ার বিষয়টি প্রথম জানান বাংলাদেশ ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মিছবাহুর রহমান চৌধুরী। ওই মাহফিলে প্রধান অতিথি হিসেবে গিয়েছিলেন জানিয়ে তিনি বলেন, ‘রাত ১১টার দিকে বক্তব্য শেষে ঢাকায় রওনা হই। পৌঁছানোর পর জানতে পারি, সম্মেলনের শেষ দিকে মামুনুলও সেখানে গিয়েছিলেন, বক্তৃতাও দেন।’ এদিকে প্রশাসনের অনুমতি ছাড়া বিতর্কিত বক্তা মামুনুল হক কীভাবে ওয়াজ মাহফিলে গেলেন ও বক্তব্য দিলেন তা নিয়ে কুমিল্লায় শুরু হয়েছে গুঞ্জন।

বিষয়টি নিয়ে চান্দিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিভীষণ কান্তি দাশ বলেন, ‘আয়োজকরা হেফাজতে ইসলামের নেতা মামুনুল হকের যাওয়ার বিষয়টি গোপন রাখে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’