বেনাপোল বন্দরে এনজিওকর্মী খুন

বেনাপোল বন্দরে বেসরকারি উন্নয়ন সংস্থার (এনজিও) এক কর্মীকে হত্যা করা হয়েছে। গতকাল সোমবার ভোরে আল আমিন হোসেন নয়ন (২৫) নামে ওই তরুণের লাশ পাওয়া যায় তার বাড়ির পেছনে। পুলিশ ও স্থানীয়দের ধারণা, তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।

আল আমিন বেনাপোলের দুর্গাপুরের মিজানুর রহমানের ছেলে। তিনি বেনাপোল বন্দরের ৩৭ নম্বর শেডে এনজিওর কাজ করতেন।

পারিবারিক সূত্রের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, গভীর রাতে কে বা কারা নয়নকে ডেকে নিয়ে হত্যা করে লাশ বাড়ির পেছনে ফেলে রেখে যায়। বেনাপোল পোর্ট থানার ওসি মামুন খান জানান, ওই তরুণের নাক-মুখ দিয়ে রক্ত ঝরছিল। সম্ভবত তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। অপরদিকে, নিখোঁজের দুই দিন পর গতকাল বিকেলে মুন্সীগঞ্জের সিরাজদিখানে গির্জার মালী লা মিন রেমার (১৮) লাশ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার সাধু জোসেফ গির্জার পুকুর থেকে ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। ২৫ ডিসেম্বর বড়দিন থেকে তিনি নিখোঁজ ছিলেন। লা মিন রেমা মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পাত্রখোলা গ্রামের জগদীশ রেমার ছেলে।