খোকসা পৌরসভায় উৎসবমুখর ভোট

কেন্দ্রে ছিল না বিএনপি প্রার্থীর এজেন্ট

কুষ্টিয়ার খোকসা পৌরসভায় প্রথমবারের মতো ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ বেশ উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। মেশিনে ভোট দিয়ে বেশ খুশি ভোটাররা।

অন্যদিকে পৌরসভাটির নয়টি কেন্দ্রে আওয়ামী লীগের মেয়র প্রার্থী এবং কাউন্সিলর পদের প্রার্থীদের নির্বাচনী এজেন্ট থাকলেও বিএনপি প্রার্থীর কোনো নির্বাচনী এজেন্ট ছিল না বলে নিশ্চিত করেছেন কেন্দ্রগুলোর প্রিসাইডিং অফিসাররা।

গতকাল সোমবার সকাল ৮টা থেকে বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে বিকেল ৪টা পর্যন্ত। ভোটকেন্দ্রগুলোতে ৭২টি ইভিএম স্থাপন করে নির্বাচন কমিশন।

খোকসা পৌর এলাকার ৮নং ওয়ার্ডের একটি কেন্দ্রের নাম কফিরন নেছা কমলাপুর ঈদগাড়া। কেন্দ্রটিতে সকাল থেকেই ছিল উপচেপড়া ভিড়। প্রথমবারের মতো ইভিএমে ভোট দিতে বেশ উৎসাহ দেখা গেছে ভোটারদের। তবে ধীরগতিতে ভোটগ্রহণ করা হয়।

আমেনা খাতুন নামে এক ভোটার বলেন, ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার চেয়ে এ মেশিনে ভোট দেওয়া সহজ। তবে অনেক সময় আঙুলের ছাপ মিলতে দেরি হচ্ছে। সোহান নামে এক ভোটার বলেন, ইভিএমের মাধ্যমে ভোট প্রদান খুবই সহজ। এলাকার ভোটাররা বেশ উৎসবমুখর পরিবেশে ভোট দিচ্ছে। ইভিএমে ভোট দিলে দ্রুত রেজাল্ট পাওয়া যাবে, সেই সঙ্গে একজনের ভোট অন্যজন দেওয়ার কোনো সুযোগ নেই। খুবই স্বচ্ছ ভোট হচ্ছে। শারমিন নামে ৯নং কেন্দ্রের এক ভোটার বলেন, সাড়ে ১০টায় এসেছি, দেড়টায় ভোট দিলাম। এত বড় লাইনে দাঁড়িয়ে ভোট দিলাম এবারই প্রথম। তবে মেশিনে ভোট দিয়ে বেশ ভালো লাগল।

সকাল থেকে ৯ কেন্দ্রের কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। তবে ধানের শীষ প্রতীকের প্রার্থী রাজু আহম্মেদ কোনো এজেন্ট না দেওয়ায় মেয়র পদে কিছুটা একতরফা ভোট হচ্ছে বলে জানিয়েছেন ভোটাররা।

৮নং কেন্দ্রের প্রিসাইডিং অফিসার মিলন হোসেন খান বলেন, উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে। তবে বিএনপির মেয়র পদের প্রার্থী কোনো এজেন্ট দেননি।

কেন্দ্রে এজেন্ট না দেওয়া সম্পর্কে জানতে বিএনপি মনোনীত প্রার্থী রাজু আহম্মেদকে মুঠোফোনে একাধিকবার কল দিয়েও কথা বলা সম্ভব হয়নি।