বনভোজনের চাঁদা না দেওয়ায় গতকাল সোমবার দুপুরে মাদারীপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসে হামলা ও ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় আল আমিন বেপারী (১৬) নামে একজনকে আটক করে পুলিশ দিয়েছে কর্তৃপক্ষ। আটক আল আমিন শহরের কুকরাইল এলাকার।
মাদারীপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক মো. রুস্তম আলী জানান, বনভোজনে যাওয়ার নামে অফিসে ঢুকে চাঁদা দাবি করে ৭ থেকে ৮ অজ্ঞাত যুবক। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা অফিসের কর্মকর্তাদের দেখে নেওয়ার হুমকি দিয়ে বাইরে বেরিয়ে যায়। পরে অফিসের মূল ফটক আটকে সেবা নিতে আসা ব্যক্তিদের আসা-যাওয়ার পথ বন্ধ করে দেয় ওই যুবকরা। এ সময় দায়িত্বে থাকা আনসার সদস্যদের সঙ্গে তাদের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ইটপাটকেল ছুড়ে হামলা চালিয়ে পাসপোর্ট অফিসে ভাঙচুর করে তারা। ঘটনাস্থল থেকে আল আমিন নামে একজনকে আটক করা হয়।
মাদারীপুর অতিরিক্ত পুলিশ সুপার আবদুল হান্নান দেশ রূপান্তরকে জানান, আমরা ঘটনাস্থল থেকে একজনকে আটক করেছি। তবে অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।