মেলবোর্নে নেই ফেদেরার

হাঁটুর চোটে অস্ট্রেলিয়ান ওপেন থেকে ছিটকে গেলেন ২০ বারের গ্র্যান্ড স্ল্যাম জেতা সুইস তারকা রজার ফেদেরার।

তার পুরোনো চোট এখনো সারেনি। সোমবার আয়োজকদের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয় মেলবোর্নে থাকছেন না ৩৯ বছর বয়সী তারকা।

গত বছরের জানুয়ারিতে এই অস্ট্রেলিয়ান ওপেনেই শেষবার টেনিস কোর্টে নেমেছিলেন ফেদেরার। কিছুদিন আগেই অনুশীলন শুরু করেছিলেন। ৮ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া অস্ট্রেলিয়ান ওপেনে তার নামারও কথা ছিল।

২০০০ সাল থেকে কখনো অস্ট্রেলিয়ান ওপেনে ফেদেরার নেই এমন হয়নি। মেলবোর্নের দর্শকদের মধ্যে অত্যন্ত জনপ্রিয় ফেদেরার।

আয়োজক কমিটির প্রধান ক্রেগ টিলে বলেন, ‘‌আরো একটু সময় পেলে ফেদেরার হয়তো খেলতে পারতেন। আশা করছি ২০২২ সালে তিনি এই টুর্নামেন্টে অংশ নেবেন।’‌

ফেদেরারের ঘনিষ্ঠ সূত্রের খবর যে তিনি নিজেও হতাশ এই টুর্নামেন্টের অংশ হতে না পেরে। অস্ট্রেলিয়ান ওপেন কর্তৃপক্ষের তরফ থেকে তার দ্রুত আরোগ্য কামনা করে টুইটও করা হয়।