মাদারীপুরে ড্রামট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

মাদারীপুরের শিবচরে বেপরোয়া ড্রামট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী আরিফ মুন্সী (৪৫) নিহত হয়েছেন। এ সময় আরও দুজন গুরুতর আহত হন।

সোমবার রাতে শিবচর পৌরসভার মোড়ের কাছাকাছি দুর্ঘটনাটি ঘটে।

নিহত আরিফ মুন্সী উপজেলার বাঁশকান্দি ইউনিয়নের মুন্সীকান্দি গ্রামের হারুন মুন্সীর ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, শিবচর পৌরসভার মোড়ের কাছাকাছি এলাকায় সোমবার রাতে শিবচর থেকে পাচ্চরের উদ্দেশ্যে যাওয়া বেপরোয়া ড্রামট্রাকের সঙ্গে পাচ্চর থেকে শিবচরের উদ্দেশ্যে আসা দ্রুতগামী মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ৩ মোটরসাইকেল আরোহী ছিটকে রাস্তার পাশে পড়ে যান এবং মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়।

স্থানীয়রা দ্রুত আহতদের শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক গুরুতর আহত ২ জনকে ঢাকা মেডিকেলে প্রেরণ করেন।

এর মধ্যে  আশঙ্কাজনক অবস্থায় আরিফ মুন্সী ঢাকা মেডিকেলে নেওয়ার পথে রাত ১০টায় মারা যান। দুর্ঘটনার পর ড্রামট্রাকটি দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. মিরাজ হোসেন  ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।