ষষ্ঠ শ্রেণিতে ভর্তির ১১ বছর বয়সসীমা স্থগিত

ষষ্ঠ শ্রেণিতে ভর্তির আবেদনের ক্ষেত্রে ১১ বছর বয়সসীমা নির্ধারণ করে শিক্ষা মন্ত্রণালয়ের জারি করা নীতিমালা স্থগিত করেছে উচ্চ আদালত। একই সঙ্গে ষষ্ঠ  শ্রেণিতে ভর্তির আবেদন করার সময় আরও এক সপ্তাহ বাড়ানোর নির্দেশ দিয়েছে হাইকোর্ট। বয়সসীমার কারণে নির্ধারিত সময়ে আবেদন করতে ব্যর্থ হওয়া এক শিক্ষার্থীর বাবার করা রিট আবেদনের ওপর প্রাথমিক শুনানি নিয়ে গতকাল মঙ্গলবার বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেয়।

আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী অনিক আর হক, আইনুন নাহার সিদ্দিকা ও মঞ্জুর এলাহী পরাগ।

রিটকারী পক্ষের আইনজীবীরা জানান, গত ১৫ ডিসেম্বর থেকে ২৭ ডিসেম্বর পর্যন্ত ভর্তির আবেদনের সময় দিয়ে বিজ্ঞপ্তি জারি করে মন্ত্রণালয়। এই সময়ে মুন্সীগঞ্জের এক শিক্ষার্থীর বাবা অনলাইনে ষষ্ঠ শ্রেণিতে ভর্তির আবেদন করতে গেলে সেটি গ্রহণ করা হচ্ছিল না। ২০১৭ সালের ১৫ নভেম্বরের শিক্ষা মন্ত্রণালয়ের জারি করা এ সংক্রান্ত ভর্তি নীতিমালা অনুযায়ী, প্রথম শ্রেণিতে ভর্তির জন্য শিক্ষার্থীদের বয়স হতে হবে ৬ বছরের বেশি। সে হিসাবে দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে ভর্তির বয়সসীমা নির্ধারিত হবে। এই নিয়মে যষ্ঠ শ্রেণিতে ভর্তি হতে হলে বয়স হতে হবে ১১ বছরের বেশি। কিন্তু ওই শিক্ষার্থী জন্মগ্রহণ করে ২০১০ সালের ৩০ জুলাই।

অ্যাডভোকেট আইনুন নাহার সিদ্দিকা দেশ রূপান্তরকে বলেন, ‘মন্ত্রণালয়ের নীতিমালায় বলা ছিল প্রথম শ্রেণিতে ভর্তি হতে হলে ৬ বছর প্লাস হতে হবে। এখন পঞ্চম শ্রেণি থেকে ষষ্ঠ শ্রেণিতে যারা উঠবে তারা যখন আবেদন করতে গেল তখন সার্ভার দেখাচ্ছে ২০১০ সালের ১ জানুয়ারির আগে যাদের জন্ম হয়েছে তাদের আবেদন গ্রহণ করা হবে না।’

তিনি আরও বলেন, ‘চলতি বছরের মে মাসে মন্ত্রণালয়ের একটি বিজ্ঞপ্তি রয়েছে যেখানে জেএসসিতে ভর্তি হলে সর্বনি¤œ ১২ এবং সর্বোচ্চ ১৭ বছর বয়স হতে হবে। আর এসএসসিতে সর্বনি¤œ ১৪ এবং সর্বোচ্চ ১৮ বছর লাগবে। এখন অষ্টম শ্রেণি সমমানের যদি ১২ বছর হয় তাহলে ষষ্ঠ শ্রেণিতে কীভাবে ১১ বছর প্লাস হবে। এটি একটি বৈষম্য ছিল। এসব বিষয় নজরে আনলে আদালত আদেশ এবং রুল দেয়। এর ফলে এখন ১১ বছরের কম বয়সী শিক্ষার্থীরা ষষ্ঠ শ্রেণিতে ভর্তির আবেদন করতে পারবে।’

মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি স্থগিত : দেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে প্রথম শ্রেণি থেকে নবম শ্রেণি পর্যন্ত ভর্তির লটারি স্থগিত করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, হার্টকোর্টে রিট পিটিশন চলমান থাকায় ‘ডিজিটাল লটারি কার্যক্রম’ স্থগিত করা হয়েছে।

আজ বুধবার লটারির মাধ্যমে ভর্তির জন্য শিক্ষার্থী নির্বাচনের কথা ছিল। এত দিন কেবল প্রথম শ্রেণিতে লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করা হলেও করোনাভাইরাস মহামারীর কারণে এবার মাধ্যমিকের সব শ্রেণিতেই লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তির সিদ্ধান্ত নিয়েছিল শিক্ষা মন্ত্রণালয়।