সুসমন্বিত উদ্যোগ নিয়ে এগিয়ে যাচ্ছে করোনা মোকাবিলা : স্বাস্থ্যমন্ত্রী

করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলায় সরকারি ও বেসরকারি স্বাস্থ্য খাত সুসমন্বিত উদ্যোগ নিয়ে এগিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেছেন, সরকারি ও বেসরকারি যৌথ উদ্যোগে করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলা করতে হবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ভ্যাকসিনের অনুমোদন দিলেই প্রথম ধাপেই বাংলাদেশ তা পাবে। সরকারি হাসপাতালের পাশাপাশি বেসরকারি হাসপাতালের জন্যও ভ্যাকসিনের ব্যবস্থা হচ্ছে। গতকাল মঙ্গলবার বাংলাদেশ প্রাইভেট মেডিকেল কলেজ অ্যাসোসিয়েশনের (বিপিএমসিএ) উদ্যোগে করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলা ও কভিড-১৯ এর নতুন স্ট্রেইন (পরিবর্তিত রূপ) ছড়ানো নিয়ন্ত্রণ কল্পে ভার্চুয়াল সভায় এসব কথা বলেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, করোনাভাইরাস সংক্রমণ ও মৃত্যুর ঝুঁকি এড়াতে স্বাস্থ্যবিধি কঠোরভাবে মানতে হবে। সরকারি ও বেসরকারি ১৬৩টি ল্যাবে ৩১ লাখ ৫৯ হাজার ২৬০টি নমুনা পরীক্ষা করা হয়। সরকার ইতিমধ্যে বিদেশগামীদের কভিড-১৯ মুক্ত সনদ প্রদানের জন্য বেসরকারি ২১টি ল্যাব/প্রতিষ্ঠানকে অনুমতি দিয়েছে। বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালে ৯৬ হাজার কভিড নমুনা পরীক্ষা করা হয়। ৬ লাখ ৮২ হাজার কভিড রোগীকে বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। বেসরকারি ১৬টি ডেডিকেটেড কভিড হাসপাতাল করোনা রোগীদের চিকিৎসার জন্য নির্ধারণ করা আছে যেগুলোতে ৩০০ আইসিইউ ও ২৫০টি ভেন্টিলেটরের মাধ্যমে চিকিৎসাসেবা প্রদানের জন্য প্রস্তুত রাখা আছে।

সংগঠনের সভাপতি এমএ মুবিন খানের ভার্চুয়াল সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন, বিপিএমসিএর সাবেক সাধারণ সম্পাদক ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান, বিপিএমসিএর সাধারণ সম্পাদক ড. আনোয়ার হোসেন খান এমপিসহ সংগঠনের বর্তমান ও সাবেক নেতারা।