সিলেটে মাইক্রোর সিলিন্ডার বিস্ফোরণে নিহত ৪

সিলেটের গোলাপগঞ্জে একটি ট্রাককে পেছন থেকে ধাক্কা দিলে মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে নিহত হয়েছে চারজন ও আহত হয়েছেন আরও দুজন।

বুধবার ভোরে উপজেলার হেতিমগঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- বিয়ানীবাজারের চারখাই এলাকার আব্দুল জলিলের ছেলে সুনাম মিয়া (২৫), কুনু মিয়ার ছেলে রাজন মিয়া (২২) ও গোলাপগঞ্জের রফিপুর এলাকার মনজুর আহমদের সাত বছরের শিশু হাসান আহমদ।

গোলাপগঞ্জ থানার ওসি হারুনুর রশিদ চৌধুরী জানান, সিলেট জকিগঞ্জ সড়কের পশ্চিম বাজারে রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি মালবাহী ট্রাককে সিলেট থেকে বিয়ানীবাজারগামী মাইক্রোবাসটি পেছন থেকে ধাক্কা দেয়। এ সময় মাইক্রোবাসের সিলিন্ডারে আগুন ধরে যায়।

এতে ঘটনাস্থলেই আগুনে পুড়ে মারা যায় মাইক্রোবাস চালকসহ তিনজন। আর সিলিন্ডার উড়ে গিয়ে এক শিশুর ওপর পড়লে তারও মৃত্যু হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা হতাহতদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।