নতুনদের নিয়েই দারুণ কিছুর স্বপ্ন ক্যারিবীয়দের

বাংলাদেশ সফরে এক ঝাঁক তারকা ক্রিকেটারকে পাচ্ছে না ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দশ। টেস্ট অধিনায়ক জেসন হোল্ডার, ওয়ানডে অধিনায়ক কিয়েরন পোলার্ডসহ করোনা সংক্রান্ত কারণে ১০ জন ক্রিকেটার নিজেদের সরিয়ে নিয়েছেন। পারিবারিক কারণে নেই দুজন। তাই এক রকম নতুন চেহারার দল নিয়ে বাংলাদেশে আসছে উইন্ডিজ। তবে এই দল নিয়েই দারুণ কিছুর স্বপ্ন দেখছে দলটি।

দল ঘোষণার পর ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের প্রধান নির্বাচক রজার হার্পার বলেন, সিনিয়রদের অনুপস্থিতিতে নতুনদের জন্য এই সফর বড় সুযোগ। নতুনরা এই সুযোগ কাজে লাগাতে পারবেন বলেই বিশ্বাস তার।

‘দুই সংস্করণেই আমরা বেশ কয়েক জন সিনিয়র খেলোয়াড়কে পাচ্ছি না। তারপরও আশা করছি, দল ভালো লড়াই করবে। সঠিক লক্ষ্যে উদ্যমের সঙ্গে খেলবে। এই পর্যায়ে তারা যে খেলার যোগ্য, সেটা প্রমাণ করবে।’- বলেন হার্পার।

তিনটি ওয়ানডে ও দুটি টেস্ট খেলতে ১০ জানুয়ারি ঢাকায় আসবে ক্যারিবীয়রা। হোল্ডারের অনুপস্থিতিতে টেস্টে দলটিকে নেতৃত্ব দেবেন ক্রেইগ ব্র্যাথওয়েট। ২৮ বছর বয়সী ক্রিকেটার অভিজ্ঞই।

তবে ওয়ানডেতে অধিনায়কত্ব করবেন জেসন মোহাম্মদ। ক্যারিবীয়দের হয়ে যিনি মাত্র ২৮টি ওয়ানডে ও ৯টি টি-টোয়েন্টি খেলেছেন।

করোনা শঙ্কায় যারা বাংলাদেশ সফর থেকে নিজেদের সরিয়ে নিয়েছেন তারা হলেন- জেসন হোল্ডার, কিয়েরন পোলার্ড, ড্যারেন ব্রাভো, শামার ব্রুকস, রোস্টন চেজ, শেলডন কটরেল, এভিন লুইস, শাই হোপ, শিমরন হেটমায়ার ও নিকোলাস পুরান। পারিবারিক কারণে নেই ফ্যাবিয়ান অ্যালেন ও শেন ডাওরিচ।

তবে উইন্ডিজ দলের নির্বাচক হার্পার মনে করেন যে দল আসছে সেটিও বেশ প্রতিদ্বন্দ্বী, ‘বাংলাদেশের বিপক্ষে তাদের কন্ডিশনে খেলা কখনো সহজ নয়। বিশেষ করে যখন এক দল সিনিয়র ক্রিকেটারদের উভয় ফরমেটে আমরা মিস করব। তারপরও আমাদের দল খুব প্রতিদ্বন্দ্বী। আমি আশা করি আমাদের খেলোয়াড়রা একটা উদ্দেশ্য নিয়ে, আবেগের সাথে খেলে প্রমাণ করবে যে তারা এই স্তরে রয়েছে।’

আরো পড়ুন

দ্বিতীয় সারির দল নিয়ে বাংলাদেশে আসছে উইন্ডিজ