রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে আবারও কর্মবিরতিতে ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষেরা।
সভাপতি ও সাধারণ সম্পাদককে বদলির প্রতিবাদে রংপুর মেডিকেল কলেজ হাসাপাতালে বুধবার দুপুর থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছে তৃতীয় ও চতুর্থ শ্রেণি কর্মচারী ইউনিয়ন। এতে প্রশাসনিক কার্যক্রম স্থবির হয়ে পড়েছে।
বুধবার দুপুর ২ টা থেকে তারা হাসাপাতালের সকল কার্যক্রম থেকে সরে এসে মেডিক্যালের ফটকের সামনে বিক্ষোভ করে।
এ সময় সমাবেশে বক্তারা বলেন, করোনাকালীন সময়ে ইউনিয়ন সভাপতি আশিকুর রহমান নয়ন এবং সাধারণ সম্পাদক মশিউর রহমান রাতদিন হাসাপাতালে দায়িত্ব পালন করেছেন। কিন্তু তাদেরকে রাজশাহী ও পঞ্চগড়ে বদলি করা হয়েছে। বদলির আদেশ বাতিল না করা পর্যন্ত তারা কর্ম বিরতি পালনের ঘোষণা দেন। এতে হাসপাতালের প্রশাসনিক সকল কার্যক্রম মুখ থুবড়ে পড়েছে। পরিচালকের কার্যালয়ের ঘেরাও করে এই কর্মবিরতি শুরু করেছে।
রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের সহকারি পরিচালক ডা. মোকাদ্দেস হোসেন জানান, প্রশাসনিক কারণে তাদের বদলি করেছে স্বাস্থ্য অধিদপ্তর। কর্মবিরতির কারণে সাময়িকভাবে প্রশাসনিক কার্যক্রমে অসুবিধা সৃষ্টি হয়েছে বলেও জানান তিনি। আর কর্ম বিরতিতে হাসপাতালে কর্মচারীরা অনুপস্থিত থাকায় স্বাস্থ্য সেবা ও মেডিকেল কলেজ হাসপাতালে প্রশাসনিক সমস্যার সৃষ্টি হয়েছে।